চাঁদা না দেওয়ায় ট্রাক আটকে দিলেন আ.লীগ নেতা
জামালপুরের সরিষাবাড়ীতে অ্যামোনিয়া সিলিন্ডার ভর্তি ট্রাক নিয়ে যাওয়ার সময় চাঁদা না দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ট্রাক আটকে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ওই ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন ওরফে বাদশা ১১ মাস ধরে অ্যামোনিয়া তরল গ্যাস সিলিন্ডার বোতলের জন্য চাঁদা নিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন ডিলাররা।
যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড ও অ্যামোনিয়া ডিলারদের সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড দীর্ঘদিন ধরে তালিকাভুক্ত ডিলারদের কাছে অ্যামোনিয়া তরল গ্যাস বিক্রি করে। গত বৃহস্পতিবার মেসার্স প্রভা এন্টারপ্রাইজের মালিক মিজানুর রহমান কারখানার নীতিমালা অনুযায়ী ৪০টি সিলিন্ডার কারখানার ভেতরে নিয়ে যান। গ্যাস বোতলে ভর্তির সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতির লোকজন বোতলপ্রতি ১০০ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দেওয়ার পর বোতলে অ্যামোনিয়া গ্যাস ভরা হয়।
গত শনিবার সিলিন্ডার-বোঝাই ট্রাকটি কারখানার ২ নম্বর ফটকের সামনে এসে দাঁড়ায়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশে তাঁর লোকজন ছানোয়ার হোসেন ওরফে ছানা, শাহীন মিয়া, তোফাজ্জল হোসেন ও গোলাম মোস্তফা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। না দেওয়ায় মিজানুর রহমানের কাছ থেকে ডিওর ফটোকপি, ডেলিভারি চালান, চট্টগ্রাম গ্যাস কোম্পানির চালান কপি ও ট্রাক ভেতরে প্রবেশের আবেদনপত্র ছিনিয়ে নেন। এ কারণে দুদিন ধরে আটকা পড়ে আছে ট্রাকটি।
মিজানুর রহমান জানান, গত মাসে সিলিন্ডার ছাড়িয়ে নিতে সভাপতিকে ২ লাখ ৭ হাজার টাকা চাঁদা দিতে হয়েছে। ফের চাঁদা না দেওয়ায় ৪০টি গ্যাসভর্তি সিলিন্ডার তাঁর লোকজন আটকে দিয়েছে। এ ঘটনায় গত শনিবার তিনি সরিষাবাড়ী থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ অস্বীকার করে ছানোয়ার হোসেন বলেন, এ অভিযোগ মিথ্যা।
স্থানীয় ডিলারদের কয়েকজন বলেন, প্রতি সিলিন্ডার অ্যামোনিয়া গ্যাসে ৫০০ টাকা ও বাইরের ডিলারদের কাছ থেকে সভাপতি এক হাজার টাকা চাঁদা নিয়ে আসছিলেন।
যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফিজুর রহমান জানান, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।
তারাকন্দি তদন্তকেন্দ্রের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’