চাঁদা না দেওয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় নাটোরের সিংড়া উপজেলার শোয়াইর গ্রামে গত সোমবার রাতে নুরে আলম নামের এক মাছচাষির পুকুরে বিষ দিয়ে চার লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সিংড়া থানায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই মাছচাষি।
সিংড়া থানা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি সূত্রে জানা যায়, শোয়াইর গ্রামের মাছচাষি নুরে আলম গত বছর স্থানীয় একটি সরকারি পুকুর ইজারা নেন। চার বিঘা আয়তনের ওই পুকুর গত বছর মার্চ মাসে ইজারা নেওয়ার পর থেকেই আওয়ামী লীগের স্থানীয় (রামানন্দ খাজুরা) নেতা খন্দকার সাইফুল তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এরই মধ্যে তিনি ১৫ হাজার টাকা চাঁদা পরিশোধও করেছেন। বাকি টাকা না দেওয়ায় গত সোমবার রাতে তিনি ও তাঁর অনুসারীরা ওই পুকুরে বিষ ঢেলে ৬০ মণ রুই, কাতলা ও সিলভার জাতীয় মাছ মেরে নিয়ে যান। অনেক মাছ মরে ভেসে ওঠে।
মামলার বাদী নুরে আলম বলেন, পুকুর ইজারা নেওয়ার দিন থেকেই আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম তাঁকে বলে আসছেন চাঁদা না দিলে তাঁকে ওই পুকুরে মাছ চাষ করতে দেবেন না। তিনি আরও বলেন, ১৫ হাজার টাকা দেওয়ার পর আর দিতে না পারার কথা জানানোর পর থেকেই ওই আওয়ামী লীগ নেতা মাছ মেরে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। পুকুরে বিষ দেওয়ার ঘটনায় অন্তত চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান নুরে আলম।
তবে অভিযুক্ত খন্দকার সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তিনিও ইজারা নেওয়ার জন্য নুরে আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি নিলামে হেরে যাওয়ায় পুকুরটি পাননি। প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে আক্রোশে নুরে আলম তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করছেন। তিনি বিষ ঢেলে মাছ চুরিও করেননি বলে জানান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আসামিদের গ্রেপ্তার করা হবে।