চাঁপাইনবাবগঞ্জের নাচোল সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ঢুকে এজলাসে থাকা সাব-রেজিস্ট্রারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন নাচোল পৌর যুবলীগের সভাপতি মো. সুলতান। চাঁদা না দেওয়ায় তিনি প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে। এ ব্যাপারে নাচোল থানায় রাত সাড়ে নয়টার দিকে মামলা করেছেন সাব-রেজিস্ট্রার ফারহানা আজিজ।
মামলার এজাহারে উল্লেখ করেন, এজলাসে কাজ করার সময় সুলতানসহ কয়েকজন যুবক এসে ঈদ উপলক্ষে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সুলতান অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ও টেবিলের ওপর থাপ্পড় মেরে বলেন, ‘আমি যে অফিসে ঢুকি সেই অফিসে খালি হাতে ফিরে যাই না। তুই টাকা দিলি না। অফিস থেকে বের হ তোকে শেষ করব।’ এ সময় কর্মচারীরা তাঁকে জাপটে ধরে আটকানোর চেষ্টা করলে তিনি পালিয়ে যান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন বলেন, ‘ঘটনা জানতে পেরে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যাই। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’