চাঁদা না দেওয়ায় ফুটবলারকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ফুটবলার নাদিরুজ্জামান খন্দকারকে (৩২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পরিবারের অভিযোগ, চাঁদা না দেওয়ায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ওরফে শাহীন ও তাঁর ভাইয়েরা সন্ত্রাসী বাহিনী দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আপেলের বড় ভাই সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পলাশ উপজেলার চরনগরদী বাজারের পাশে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নাদিরুজ্জামান চরনগরদী এলাকার কামরুজ্জামান খন্দকারের ছেলে। ঢাকার বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন।
এলাকাবাসী ও নাদিরের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর নাদিরুজ্জামান নতুন কোনো ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি করেননি। এই অবসরে ওই বাজারে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান নূর অটো রাইস মিলে মাঝেমধ্যে সময় দিচ্ছিলেন তিনি। সপ্তাহ খানেক আগে ছাত্রলীগের নেতা আপেল তাঁর দুই ভাই সাইফুল ও তুহিনকে নিয়ে প্রতিষ্ঠানটিতে যান। সে সময় পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে নাদিরুজ্জামানকে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়।
কিন্তু নাদিরুজ্জামান ওই চাঁদা দেননি। এরই জের ধরে গত সন্ধ্যায় ১০-১২ জন সহযোগী নিয়ে ওই প্রতিষ্ঠানে যান আপেল। পরে চাপাতি দিয়ে নাদিরুজ্জামানকে কুপিয়ে জখম করেন। নাদিরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা বুক উঁচিয়ে চলে যান। গুরুতর আহত অবস্থায় নাদিরকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নাদিরুজ্জামানের শ্বশুর মো. জাকির হোসেন ভুঁইয়াও গত রাতে প্রথম আলোর কাছে দাবি করেন, চাঁদা না দেওয়ায় আপেল ও তাঁর দুই ভাই মেয়ের জামাই নাদিরুজ্জামানকে হত্যা করেছে।
এ প্রসঙ্গে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের তদন্ত ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী সাইফুল তাঁর লোকজনকে নিয়ে নাদিরুজ্জামানকে কুপিয়েছে। সাইফুল আপেলের বড় ভাই। সে খারাপ প্রকৃতির ছেলে। শাহীনের সম্পৃক্ততার খবর আমার কাছে নেই। সাইফুলকে আটক করা হয়েছে।’
আপেল মাহমুদের মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।