চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা বাসায় ঢুকে মো. শামীম (৪২) নামের এক ব্যক্তিকে গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্র বলেছে, শামীম সপরিবার মহাখালীর সাততলা বস্তিসংলগ্ন একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন। ওই এলাকায় নিরিবিলি নামে তাঁর একটি খাবার হোটেল আছে।
হাসপাতালে চিকিৎসাধীন শামীমের ভাই মো. আজাদ প্রথম আলোকে বলেন, মহাখালীর দক্ষিণ পাড়ার কয়েকজন সন্ত্রাসী শামীমের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় ওই সন্ত্রাসীরা গতকাল ভোরে শামীমের বাসায় ঢোকে। তারা প্রথমে শামীমকে পিস্তল দিয়ে মাথায় আঘাত করে। একপর্যায়ে সন্ত্রাসীরা শামীমকে গুলি করে চলে যায়। তাঁর বাঁ হাতের আঙুলে গুলি লেগেছে।