চাঁদা না দেওয়ায় ব্যাংক কর্মকর্তা খুন!
ব্যাংকঋণ নিয়ে জয়পুরহাট জেলা শহরের রূপনগর এলাকায় একটি পাঁচতলা বাড়ি নির্মাণ করছিলেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা বায়জিদ বোস্তামী (৩৮)। সেই বাড়ি নির্মাণের সময় দাবি করা চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তাঁকে পিটিয়ে গুরুতর আহত করে। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে।
নিহত বায়জিদ বোস্তামীর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী পূর্বপাড়া গ্রামে। তিনি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। তাঁর স্ত্রী খাদিজা খাতুন বলেন, ‘জয়পুরহাট রূপনগরের খোরশেদ ওর কাছে চাঁদা চাইছিল। ও চাঁদা দেয়নি। তাই ওরা ডেকে নিয়ে হকিস্টিক দিয়ে পিটিয়েছে। ওরা আমাকে বিধবা করল, আমার দুই মেয়েকে এতিম করল।’
পারিবারিক সূত্রে জানা যায়, বায়জিদ হোসেন যে ব্যাংকে চাকরি করতেন, সেখান থেকে ‘হাউস বিল্ডিং নির্মাণ’ ঋণ-সুবিধা নিয়ে জয়পুরহাট শহরের রূপনগর এলাকায় বাড়ি বানানো শুরু করেছিলেন। কর্মস্থল থেকে ছুটি নিয়ে তিনি বাড়ির নির্মাণকাজ তদারক করছিলেন। গত ২৫ ডিসেম্বর দুপুরে সেখান থেকে বায়জিদকে ডেকে নেয় সন্ত্রাসীরা। পরে জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণপুর গ্রামে নিয়ে তাঁকে পিটিয়ে আহত করে তারা। গ্রামবাসী তাঁকে উদ্ধার করে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত মঙ্গলবার তিনি মারা যান।
বায়জিদ বোস্তামীর বাবা আজিজার রহমান বলেন, ‘খোরশেদ ওরফে মন্ত্রী খোরশেদ আমার ছেলের কাছে বাড়ি নির্মাণের জন্য ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই চাঁদা না দেওয়ায় তারা আমার ছেলেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলাও করেছিলাম।’
জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন বলেন, মামলা করার পর বাবলু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বাবলুর বাড়ি জয়পুরহাট সদর থানার বিষ্ণপুর গ্রামে।