চাঁদা না দেওয়ায় মাথা ফাটল ঘের ব্যবসায়ীর!
যশোরের অভয়নগর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক মাছের ঘের ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ওই মাছের ঘের ব্যবসায়ীর নাম আবদুর রহিম ফকির (৩৬)। গতকাল শনিবার ভোররাত তিনটার দিকে উপজেলার ধোপাদী গ্রামের উলুর বটতলা এলাকায় তিনি হামলার শিকার হন।
গুরুতর আহত আবদুর রহিম ফকিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আবদুর রহিম ফকির অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের হোসেন আলী ফকিরের ছেলে।
আবদুর রহিম ফকির বলেন, তিনি পেশায় একজন মাছের ঘের ব্যবসায়ী। কয়েক দিন আগে একই গ্রামের আরজ আলী (৩৫) তাঁর কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করেন। গতকাল ভোররাত তিনটার দিকে তিনি বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত তাঁর মাছের ঘেরে শ্যালো মেশিন দিয়ে পানি দিতে যাচ্ছিলেন। তিনি উলুর বটতলা এলাকায় পৌঁছালে আরজ আলী ও তাঁর তিন সহযোগী তাঁর ওপর অতর্কিতভাবে হামলা চালান। তাঁদের কাছে রামদা ও লাঠি ছিল। তাঁরা তাঁকে লাঠি দিয়ে মাথা, কান, পিঠ, হাত ও পায়ে বেদম পেটান। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাঁরা সেখান থেকে চলে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে।
এ ঘটনায় আবদুর রহিম ফকিরের বড় ভাই সাজ্জাদ হোসেন সেলিম গতকাল অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি আরজ আলী এবং তাঁর তিনজন অজ্ঞাতনামা সহযোগী এ ঘটনা ঘটিয়েছেন বলে উল্লেখ করেছেন।
সাজ্জাদ হোসেন সেলিম বলেন, ‘চাঁদা না দেওয়ায় আরজ আলী ও তাঁর সহযোগীরা আমার ভাইকে পিটিয়ে গুরুতর আহত করেছেন। আমি আরজ আলী ও তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম মোল্লা বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’