চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় চাঁদা না দেওয়ায় একটি জেলে পরিবারের বাড়িতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে ওই পরিবারের তিনজন সদস্য আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, ‘ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ ওই এলাকায় সার্বক্ষণিক নজর রাখছে। কারও আতঙ্কিত হওয়ার কারণ নেই।
হামলার শিকার পরিবার ও বেড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, বেড়া পৌর এলাকার যমুনাপাড়ের নতুনপাড়া গ্রামে বাস করেন অনন্ত হালদার ও তাঁর পরিবারের লোকজন। মাছ ধরাই তাঁদের পেশা। বেশ কিছুদিন ধরে ইয়াকুব ও টি আলমের নেতৃত্বে স্থানীয় কয়েকজন অনন্ত হালদার ও তাঁর চার ছেলের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সন্ত্রাসীরা অনন্ত হালদারের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে। এতে অনন্ত হালদার ও তাঁর দুই ছেলে হিটলার ও বিপ্লব আহত হন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় হিটলারকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই রাতেই অনন্ত হালদার এ ব্যাপারে বেড়া থানায় গিয়ে ঘটনার সঙ্গে জড়িত নতুনপাড়া গ্রামের মনিরুল, ইয়াকুব, টি আলম, কালু এবং মোহনগঞ্জ গ্রামের তনু ও রানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
অনন্ত হালদার দাবি করেন, তাঁর ছেলেরা কিছুদিন আগে পদ্মা নদীতে ইলিশ ধরে ৪০ হাজার টাকার মতো আয় করেন। বিষয়টি জানার পর থেকেই দুর্বৃত্তরা চাঁদা চাওয়া শুরু করে।