রাজশাহীর বাঘায় বনভোজনের চাঁদা দিতে না পারায় ৪২ জন শিক্ষার্থীকে পিটিয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক। খবর পেয়ে অভিভাবকেরা এসে বিদ্যালয় ঘেরাও করে প্রধান শিক্ষককে পিটুনি দিয়ে তাঁর দুটি দাঁত ভেঙে দিয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত সহকারী শিক্ষক পদত্যাগের আবেদন করেছেন। তাঁকে পুলিশ আটক করেছে।
গতকাল শনিবার রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম নজরুল ইসলাম। অভিযুক্ত সহকারী শিক্ষকের নাম মোহাম্মদ আলী। অভিভাবকদের দাবির মুখে মোহাম্মদ আলী চাকরি থেকে অব্যাহতি চেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে আবেদন করেছেন।
শিক্ষার্থীরা জানায়, বনভোজনের জন্য ১০০ টাকা চাঁদা ধরা হয়েছিল। এত টাকা দিয়ে শিক্ষার্থীরা বনভোজনে যেতে চায়নি। আজ রোববার বনভোজনের নির্ধারিত দিন ছিল। ১০৬ জন শিক্ষার্থীর মধ্যে কয়েকজন এই চাঁদা দিয়েছিল।
গতকাল সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী অষ্টম শ্রেণির ক্লাসে এসে বনভোজনের চাঁদা চাইলে কেউ কেউ পরে দিতে চায়। তবে বেশির ভাগ শিক্ষার্থী এত টাকা দিয়ে বনভোজনে যেতে অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষক মোহাম্মদ আলী বেত দিয়ে ৪২ জন শিক্ষার্থীকে পেটান। এতে রুমা ইয়াসমিন নামের একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়।
খবর পেয়ে হাফিজুর রহমান নামের একজন অভিভাবক ছুটে এলে মোহাম্মদ আলী তাঁকে ধমক দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন। ফিরে গিয়ে হাফিজুর রহমান অন্য অভিভাবকদের ডেকে নিয়ে আসেন। তাঁদের সঙ্গে স্থানীয় চণ্ডীপুর বাজারের লোকজনও চলে আসে। তাঁরা বিদ্যালয় ঘেরাও করে প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক মোহাম্মদ আলীর অপসারণ দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে প্রধান শিক্ষক উত্তেজিত অভিভাবকদের বোঝানোর চেষ্টা করতে এলে অভিভাবকেরা তাঁকে পিটুনি দেন। এতে তাঁর ওপরের মাড়ির দুটি দাঁত ভেঙে যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার ও বাঘা থানার পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশ আহত অবস্থায় বেলা ১১টার দিকে প্রধান শিক্ষককে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, সহকারী শিক্ষক মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তাঁর নামে মামলা করা হবে।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আলমগীর রেজা বলেন, নজরুল ইসলামের ওপরের মাড়ির দুটি দাঁত ভেঙে গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অভিভাবকদের শান্ত করার জন্য কথা বলতে গিয়ে তিনি হামলার শিকার হন। তিনি সহকারী শিক্ষকদের ডেকে বলেছিলেন, শিক্ষার্থীরা চাঁদা না দিলে বনভোজন পিছিয়ে নেওয়া হবে। শিক্ষার্থীদের পেটানোর ঘটনা অনাকাঙ্ক্ষিত।
অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আলী শিক্ষার্থীদের পেটানোর কথা স্বীকার করে জানান, পরের দিন বনভোজন অথচ টাকা ওঠেনি। এ জন্য তাঁর খুব খারাপ লাগছিল। তাই ওদের দু-একটি বাড়ি দিয়েছেন।
মহিউদ্দিন নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, শুধু বনভোজনের টাকার জন্য নয়, এর আগেও এই শিক্ষক বিদ্যালয়ের ইউনিফর্মের টাকার জন্য শিক্ষার্থীদের পিটিয়েছেন।