ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, সার্জেন্ট সাময়িক বরখাস্ত
চাঁদা না পেয়ে ট্রাকচালককে রক্তাক্ত করলেন সার্জেন্ট
চট্টগ্রামে চাঁদা না পেয়ে পুলিশ সার্জেন্ট গতকাল শনিবার এক ট্রাকচালককে পিটিয়ে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করার পর পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কর্নেলহাট এলাকায় কর্তব্যরত পুলিশ সার্জেন্ট নূরে আলম গতকাল বেলা সোয়া ১১টার দিকে ট্রাকচালক মোহাম্মদ আলীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চালক ৪০০ টাকা গুঁজে দিলে সার্জেন্ট বিরক্ত হন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে চালককে ট্রাক থেকে নামিয়ে বেদম মারধর করা হয়। মাথায় আঘাত পাওয়া মোহাম্মদ আলীকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষ কর্নেলহাট এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় দিকে কয়েক হাজার গাড়ি আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শী সজল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই পুলিশ সার্জেন্ট মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। ট্রাকচালক ৪০০ টাকা দিতে চাইলে সার্জেন্ট তেলেবেগুনে জ্বলে ওঠেন। একপর্যায়ে ট্রাকচালককে প্রকাশ্যে পিটুনি দিয়ে হাতকড়া পরিয়ে রাখা হয়। এতে পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। কয়েকজন চালক মহাসড়কে চারটি ট্রাক আড়াআড়িভাবে দাঁড় করিয়ে দিলে চট্টগ্রাম নগরের সঙ্গে ঢাকাসহ বিভিন্ন জেলার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী কাজী হায়াত নামের এক দোকানি প্রথম আলোকে বলেন, কর্নেলহাট এলাকায় পুলিশের বাড়াবাড়ি চরম পর্যায়ে পৌঁছে গেছে। আরেক প্রত্যক্ষদর্শী আবছার আহমেদ অভিযোগ করেন, স্থানীয় আকবর শাহ থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের অত্যাচারে পরিবহনশ্রমিকদের পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও বিরক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজনাকর পরিস্থিতিতে পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পরিবহনশ্রমিকদের জরুরি ভিত্তিতে ডেকে আনা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সমঝোতা বৈঠকে বসে। বৈঠকে পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধ এবং সার্জেন্ট নূরে আলমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রমিকনেতারা। পুলিশের কর্মকর্তারা এসব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে দুপুর ১২টা ২০ মিনিটে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়।
সমঝোতা বৈঠকে উপস্থিত চট্টগ্রাম আন্তজেলা ট্রাক-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মাবুদ অভিযোগ করে বলেন, সার্জেন্ট নূরে আলম ট্রাকচালক মোহাম্মদ আলীর কাছে আড়াই হাজার টাকা চাঁদা দাবি করেন। সার্জেন্টকে ৪০০ টাকা দেওয়া হলে তিনি মোহাম্মদ আলীকে বেদম মারধর করে হাতকড়া পরিয়ে দেন। তাঁরা মাথাও ফেটে গেছে। তিনি আরও বলেন, ‘একটি ট্রাকে পণ্য পরিবহন হলে কয়েক হাজার টাকা পুলিশকে চাঁদা দিতে হয়। এসবের কি কোনো প্রতিকার দেশে নেই? পরিবহনশ্রমিকেরা এসবের প্রতিবাদ করলে সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগ এনে মামলা ঠুকে দেওয়ার হুমকি দেওয়া হয়। এসব মামলা জামিন অযোগ্য ধারায় বলে কেউ সহজে প্রতিবাদ করতে চায় না।’
সমঝোতা বৈঠকে অংশ নেওয়া চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত উপকমিশনার আরেফিন জুয়েল (ট্রাফিক) বলেন, ‘পরিবহনশ্রমিকেরা পুলিশের বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। আমরা তাঁদের বলেছি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নামের তালিকা দিতে। তালিকা পেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর কর্নেলহাটের ঘটনায় জড়িত সার্জেন্ট নূরে আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’