চাঁদা না পেয়ে তিনজনকে মারধর
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদী গ্রামে গত বুধবার চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীসহ তিনজনকে মারধর করেছে সন্ত্রাসীরা। এ সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরে একটি পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী পূর্বপাড়া বজ্র ক্লাবের কাছে মুক্তার হোসেনের মুদি দোকানে একই এলাকার মাসুদ হোসেন (২৬), রাজিবুল ইসলাম (২৫), রনি (২৭), লাবুসহ (২৬) পাঁচ-ছয়জন হামলা চালায়। এ সময় তারা মুক্তারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা মুক্তার দিতে না চাইলে তাঁকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত করা হয়। এরপর দোকান থেকে ৭ হাজার ৩০০ টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ সময় প্রতিবেশী ছান্নান সরকার ও মুক্তার হোসেনের মা ঘটনাস্থলে এলে তাঁদেরও মারধর করা হয়। তাঁদের চিৎকারে গ্রামবাসী ছুটে এলে সন্ত্রাসীরা একটি পিস্তল ও একটি গুলি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করেন।
এলাকাবাসীর মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত ব্যক্তিদের পাওয়া যায়নি। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার মুক্তার হোসেন দৌলতপুর থানায় মামলা করেন।