চাঁদা না পেয়ে বিদ্যালয়ে তাণ্ডব, দুই শিক্ষককে হাতুড়িপেটা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চাঁদা না পেয়ে গতকাল সোমবার বখাটেরা রায়দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাণ্ডব চালিয়েছে। এ সময় তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এক সহকারী শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ ছাড়া শ্রেণিকক্ষে ঢুকে তারা চেয়ার, টেবিল ও বেঞ্চ ভাঙচুর করে। ওই দুই শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের কাছে দুই বছর ধরে স্থানীয় বখাটেরা ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। রায়দেরপাড়া গ্রামের বখাটে সৌরভ (১৯), শান্ত মিয়া (১৯), রুবেল মিয়া (২০), মিশু (২০), সবুজ (২১) শিক্ষকদের কাছে ওই চাঁদা দাবি করা ছাড়াও পঞ্চম শ্রেণির মেয়েদেরও উত্ত্যক্ত করে আসছিল। গতকাল বেলা ১১টার দিকে ওই পাঁচ বখাটে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে তাদের দাবি করা টাকা না পেয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় বখাটেরা মোশাররফকে হাতুড়ি দিয়ে পেটায়। এ ছাড়া তারা সহকারী শিক্ষক আছমা আক্তারকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত দুই শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বখাটেরা শ্রেণিকক্ষে ঢুকে চেয়ার, টেবিল ও বেঞ্চও ভাঙচুর করে। ভয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে দৌড়ে বেরিয়ে যায়। এ ঘটনার পর বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চতুর্থ শ্রেণির শান্ত মিয়া ও শিশির বলে, ‘হেড স্যাররে ওদের হাতুড়ি দিয়ে পেটাতে দেখে ভয়ে বাড়িতে চলে এসেছি। স্যারদের মারধর করায় আমাদের ক্লাস বন্ধ রয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘বখাটেরা আমাদের স্যারদের মারছে। আমরা এর বিচার চাই।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা বেগম বলেন, ‘আমরা এখন আতঙ্কে আছি। বখাটেদের বিচার না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে যেতে ভয় করবে।’
আরেক সহকারী শিক্ষক মেরিনা পারভীন বলেন, বখাটেরা শ্রেণিকক্ষে ও আমাদের ওপর হামলা করার কারণে শিক্ষার্থীরা চলে যাওয়ায় পাঠদান বন্ধ রয়েছে।
রায়দেরপাড়া গ্রামের মুনছুর আলী (৬৫) জানান, বখাটেদের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ। ওদের বিচার না হলে ছেলে-মেয়েরা ভয়ে আর স্কুলে যাবে না।
এ ব্যাপারে মোশাররফ হোসেন জানান, বখাটেদের দাবি করা টাকা না দেওয়ায় তারা গতকাল বিদ্যালয়ে হামলা করে। তারা তাঁকে ও সহকারী শিক্ষক আছমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আসাদুজ্জামান জানান, বিদ্যালয়ে সভা ডেকে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে অভিযুক্ত ওই পাঁচজনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস জানান, বখাটেদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন বলেন, খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বখাটেদের বিরুদ্ধে অভিযোগ পেলেই তাদের গ্রেপ্তার করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিছ জাহান বলেন, বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।