চাঁদা না পেয়ে ব্র্যাকের দুই কর্মকর্তাকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তাকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা। দাবি করা চাঁদা না পেয়ে গতকাল রোববার তারা এ ঘটনা ঘটায়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ওই প্রতিষ্ঠানের আঞ্চলিক ব্যবস্থাপক।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ব্র্যাক কর্মকর্তা সূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ গ্রামে অবস্থিত ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের কাছে দীর্ঘদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করছিল স্থানীয় সন্ত্রাসী বাবু মিয়া ও তার সহযোগীরা। গতকাল দুপুরে দাবি করা ওই চাঁদা না পেয়ে তারা কার্যালয়ের ভেতরে ঢুকে প্রথমে কার্যালয়ের আসবাব ভাঙচুর করে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা দুই কর্মকর্তা আশরাফুল ইসলাম ও বুলবুল মোল্লাকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তারা ওই দুই কর্মকর্তার সঙ্গে থাকা নগদ টাকা ও তিনটি মুঠোফোন ছিনিয়ে নেয়। তারা এ ঘটনায় থানায় মামলা না করার জন্য হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে ব্র্যাকের সোনারগাঁ এলাকার আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুল হক বলেন, ‘সন্ত্রাসীরা আমার কার্যালয়ে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই চাঁদা না পেয়ে তারা ওই দুই কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে।’
এ ব্যাপারে জানতে চাইলে বাবু মিয়া মুঠোফোনে গতকাল বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, ‘তাঁর নাম ব্যবহার করে কেউ এ ঘটনা ঘটাতে পারেন। কিন্তু তিনি এর সঙ্গে জড়িত নন।’
এ ব্যাপারে ইউএনও আবু নাছের ভুঁঞা বলেন, ব্র্যাকের ওই দুই কর্মকর্তাকে পিটিয়ে আহত করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।