২০-দলীয় জোটের হরতাল-অবরোধে নাটোরের মহাসড়কগুলোতে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এ ছাড়া চাঁদাবাজেরা চাহিদা মোতাবেক টাকা বা মালামাল না পেলে পরিবহনচালক ও তাঁর সহকারীদের মারধর করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে।
গত মঙ্গলবার রাত পর্যন্ত নাটোরের মহাসড়কগুলোর সাতটি স্থানে অন্তত ২৩টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ থেকে সংবাদপত্রের গাড়িও রেহাই পায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি থেকে অবরোধ শুরু হওয়ার পর নাটোর-ঢাকা মহাসড়কের আহম্মদপুর, নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি ও কয়েন কবরস্থানের সামনে, নাটোর-রাজশাহী সড়কের তেবাড়িয়া ও নাটোর-বগুড়া সড়কের দিঘাপতিয়া ও হাগুড়িয়া এলাকায় প্রায়ই ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ১৪ ও ১৫ জানুয়ারি রাতে আহম্মদপুর এলাকায় দুর্বৃত্তরা ট্রাক থামিয়ে প্রথমে চালকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দুটি ট্রাক পুড়িয়ে দেয় এবং চালকদের মারধর করে। এ ঘটনায় আহত এক ট্রাকচালক অজয় কুমার চন্দ্র (৪৫) প্রথম আলোকে বলেন, ‘সড়কে কাঠের গুঁড়ি ফেলে রাখায় আমি ট্রাক থামাতে বাধ্য হই। এ সময় মুখোশপরা কয়েকজন আমার কাছে এসে ২০ হাজার টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে ওরা আমাকে ও আমার হেল্পারকে মেরে নাক-মুখ ফাটায়ে দেয়। তারা আমার কাছে থাকা ২০ হাজার টাকা ও মুঠোফোন কেড়ে নেয়। আমি ওদের হাত-পা ধরে অনুরোধ করা সত্ত্বেও ওরা আমার ট্রাকে আগুন ধরিয়ে দেয়।’
১২ জানুয়ারি রাতে গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল থামিয়ে চালকদের কাছে থাকা ১২ হাজার টাকা ও দুটি মুঠোফোন কেড়ে নেয়। টাকা বের করতে দেরি হওয়ায় তারা মাইক্রোবাসটির সামনের কাচ ভেঙে দেয়।
১১ জানুয়ারি ভোরে বড়াইগ্রামের কয়েন কবরস্থানে সামনে (কদিমচিলান ও কয়েন বাজারের মাঝামাঝি স্থান) ছিনতাইকারীরা একটি অটোরিকশা থামিয়ে যাত্রীদের টাকা ও মুঠোফোন কেড়ে নেয়। পরে তারা অটোরিকশার কাচও ভেঙে দেয়। একই দিন সন্ধ্যায় তেবাড়িয়া এলাকায় অবরোধকারী পরিচয়ে কয়েকজন একটি লেগুনা থামায়। পরে তারা চালকের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেয়। একই ধরনের ঘটনা দিঘাপতিয়া ও হাগুড়িয়া এলাকায় প্রায়ই ঘটছে। বিশেষ করে তারা চালকদের কাছ থেকে টাকা আদায় করে ওই সড়কে অটোরিশা ও বিভিন্ন যান চলতে দিচ্ছে। আবদুর রহিম নামের এক অটোরিকশাচালক প্রথম আলোকে বলেন, ‘পিকেটার বেশে হঠাৎ করে কিছু লোকজন সড়কে দাঁড়িয়ে গাড়ি থামাচ্ছে। টাকা দিলে গাড়ি ছাড়ছে। তা না হলে গাড়ি ভাঙচুর করছে। ঝামেলা এড়াতে এসব ঘটনা পুলিশকে জানাইনি।’
সদর থানার ওসি ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এখন কে পিকেটার, আর কে ছিনতাইকারী, তা বোঝা মুশকিল। তবে আমাদের হাতে পড়লে আমরা কাউকেই ছাড়ব না।’ বড়াইগ্রামের বনপাড়া মহাসড়ক পুলিশের ওসি ফুয়াদ রুহানী জানান, হরতাল-অবরোধে মহাসড়কে টহল বাড়ানো হয়েছে। তবে জেলায় মহাসড়কের পরিমাণ অনেক বেশি হওয়ায় সব জায়গায় পুলিশ মোতায়েন রাখা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, ‘আমরাও এ ধরনের ছিনতাই-চাঁদাবাজির কথা শুনেছি। তবে দুটি ট্রাক পোড়ানোর ঘটনা ছাড়া আর কেউ থানায় অভিযোগ দেননি। আমরা চিহ্নিত স্পটগুলোতে নজরদারি বাড়াচ্ছি। এ ছাড়া থানা-পুলিশও দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে।’