চাঁদা না পেয়ে কর্মকর্তাদের মারধর, গ্রেপ্তার ৪
চাঁদা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে তিনজন কর্মকর্তাকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ওই রাতে চারজনকে গ্রেপ্তার করেছে। আমান গ্রুপ নামের ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম রাতেই সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, আমান সিমেন্ট কারখানা ইউনিট-২-এর নির্মাণকাজ চলছে। ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী গাজী আবু তালেব তাঁদের কাছে প্রতি মাসে দুই লাখ টাকা করে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় বুধবার রাতে আবু তালেবের নেতৃত্বে তাঁর সহযোগী গাজী শাখাওয়াত, গাজী ফারুক, রাসেল মিয়া ও সিদ্দিকুর রহমান কারখানার নৈশপ্রহরীকে মারধর করে ভেতরে ঢোকেন। এরপর সেখানকার কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাজী শাখাওয়াত, গাজী ফারুক, রাসেল মিয়া ও সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাজী আবু তালেব পালিয়ে যান।
আমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, ‘এসব সন্ত্রাসীর চাঁদাবাজির কারণে আমরা নির্মাণকাজ করতে পারছি না। ইতিমধ্যে কয়েক দফায় সন্ত্রাসীরা আমাদের নির্মাণকাজ বন্ধ করে দেয়।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাঁদের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা আছে।