চাঁদা না পেয়ে কাজে বাধা ইউপি সদস্যের নামে মামলা
দিনাজপুরের বিরামপুরে চাঁদা না পেয়ে সড়ক সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছেন ঠিকাদার। ৬ জুন বিরামপুর থানায় মামলাটি করা হয়।
ওই ইউপি সদস্যের নাম মো. মনিরুজ্জামান ওরফে মিল্টন। তিনি উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। অবশ্য ইউপি সদস্য চাঁদা দাবি করার অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিরামপুর কার্যালয় সূত্রে জানা গেছে, বিরামপুরের বামনাহার মোড় থেকে বেপারিটোলা বাজার হয়ে দাউদপুর পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের পিচ ঢালাইলের কাজ দরপত্রের মাধ্যমে বগুড়ার রতন ফার্নিচার মার্ট নামের ঠিকাদারি প্রতিষ্ঠান পায়। কাজ শুরু হয়েছে গত ৫ মার্চ।
রতন ফার্নিচার মার্টের মালিক জেউলুর রহমান গত বুধবার মুঠোফোনে জানান, তিনি অসুস্থ থাকায় বগুড়ার বিসমিল্লাহ ট্রেডার্সকে কাজ করার অনুমতি দেন। বিসমিল্লাহ ট্রেডার্সের ব্যবসায়িক অংশীদার মাসুদ রানা অভিযোগ করেন, কাজ শুরু করার পর থেকে মনিরুজ্জামানসহ কয়েকজন তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। ৬ জুন রাত ১০টার দিকে মনিরুজ্জামান তাঁর ছয়-সাতজন সহযোগীকে নিয়ে বেপারিটোলায় কাজের জন্য অস্থায়ীভাবে নির্মিত ঘরে যান। সেখানে গিয়ে তাঁরা তাঁকে চাঁদার টাকা দিতে বলেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাঁরা তাঁকে পিটিয়ে তাঁর কাছে থাকা ৩৬ হাজার টাকা ছিনিয়ে নেন। ঘটনার পর থেকে সড়কের কাজ বন্ধ রয়েছে।
এ ঘটনায় ৯ জুন মাসুদ রানা বাদী হয়ে দিনাজপুর আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেন। বিচারক তিন দিনের মধ্যে বিরামপুর থানায় মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, ৯ জুন রাতেই মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে।
এলজিইডির বিরামপুর কার্যালয়ে প্রকৌশলী মাহমুদ জামান জানান, সড়কের ৩০০ মিটারের কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে। ঘটনার আগে ইউপি সদস্য মনিরুজ্জামান মৌখিকভাবে সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ দিয়েছিলেন। মাসুদ রানাও মনিরুজ্জামানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছিলেন।
ইউপি সদস্য মনিরুজ্জামান দাবি করেন, কাজ শুরুর পর থেকেই ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করে আসছিলেন। এলাকাবাসী অভিযোগ দেওয়ায় জনপ্রতিনিধি হিসেবে তিনি কাজ করতে নিষেধ করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদারের লোকজন তাঁর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়েছেন।