চাঁদা না পেয়ে তিনজনকে ছুরিকাঘাত
ফেনী শহরের পাঠানবাড়ী এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির মালিকের কাছে দাবি করা চাঁদা না পেয়ে গত সোমবার রাতে সন্ত্রাসীরা তিনজনকে ছুরিকাঘাত করেছে।
এ ঘটনায় আরিফুজ্জামান নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, পাঠানবাড়ী এলাকার মকসুদুর রহমান সড়কে নির্মাণাধীন একটি বাড়ির মালিক মো. ইয়াছিন মিয়ার কাছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দেওয়ার জন্য সন্ত্রাসীরা সময়সীমা বেঁধে দেয়। কিন্তু বাড়ির মালিক ইয়াছিন মিয়া চাঁদা দিতে অস্বীকার করেন। সন্ত্রাসীদের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর সোমবার রাত ১০টার দিকে ১০-১২ জন সন্ত্রাসী ওই বাড়িতে হানা দেয়। সন্ত্রাসীরা বাড়ির মালিককে না পেয়ে দারোয়ান বেলাল ও ফরিদকে পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করে। তাঁদের চিৎকারে প্রতিবেশী নুর মোহাম্মদ এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁকেও ছুরিকাঘাত করে। বেলালকে ফেনী সদর হাসপাতালে এবং নুর মোহাম্মদ ও ফরিদকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।