চাঁদা না পেয়ে দোকানে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি ডাকবাংলো এলাকায় এক ব্যবসায়ীর কাছে দাবি করা চাঁদা না পেয়ে দোকানে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পুলিশ আলমগীর হোসেন (৪০) নামের যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার আলমগীর হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন যুবলীগের সদস্য।
পুলিশ ও দোকানমালিক সূত্র জানায়, সোনাগাজীর বক্তারমুন্সি ডাকবাংলো এলাকায় ব্যবসায়ী আবু তাহেরের ‘নিউ মদিনা ব্রেড এজেন্সি’ দোকানে চাঁদা চেয়ে না পেয়ে গত রোববার রাত নয়টার দিকে আলমগীর হোসেনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আবু তাহের সোনাগাজী থানায় মামলা করেন।
সোনাগাজী উপজেলা যুবলীগের আহ্বায়ক রবিউজ্জামান ওরফে বাবু জানান, আলমগীর হোসেন মঙ্গলকান্দি ইউনিয়ন যুবলীগের সদস্য। তিনি পরিস্থিতির শিকার হয়েছেন।