চাঁদা না পেয়ে পুলিশের কাণ্ড!
এবার চাঁদা না পেয়ে পুলিশের ছোড়া তেলের চুলার বিস্ফোরণে বাবুল মাতুব্বর (৫০) নামের এক চা-দোকানির দগ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুরে এ ঘটনা ঘটে।
দগ্ধ বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা বলেছেন, বাবুলের অবস্থা সংকটাপন্ন। তাঁর শরীরের ৯৫ ভাগ পুড়ে গেছে।
অবশ্য পুলিশ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, থানার ‘সোর্স’ দেলোয়ার এ ঘটনার সঙ্গে জড়িত।
বার্ন ইউনিটে বাবুলের ছেলের স্ত্রী মণি আক্তার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তাঁরা মিরপুর ১ নম্বর গুদারাঘাটে থাকেন। তাঁর শ্বশুর (বাবুল) গুদারাঘাটের কিংশুক সমবায় সমিতির পাশে ফুটপাতে বসে চুলা (স্টোভ) জ্বালিয়ে চা বিক্রি করেন। রাত সাড়ে নয়টার দিকে একটি মাইক্রোবাসে শাহ আলী থানার একদল পুলিশ চা-দোকানের সামনে আসে। একপর্যায়ে পুলিশ সদস্যরা তাঁর শ্বশুরকে বলতে থাকেন, ‘তুই মাদক ব্যবসা করিস, আবার ফুটপাতে বসেছিস, টাকা দিতে হবে।’ এ সময় তাঁর শ্বশুর বলেন, তিনি মাদক ব্যবসা করেন না। আর বেচাকেনাও ভালো নয়। টাকাও তাঁর কাছে নেই। এ কথা শুনে পুলিশ সদস্যরা তাঁকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে ওঠানোর চেষ্টা করেন। এ নিয়ে তাঁর শ্বশুরের সঙ্গে ধস্তাধস্তি হয়।
মণি আক্তারের অভিযোগ, একপর্যায়ে একজন পুলিশ সদস্য লাঠি দিয়ে তেলের চুলা টেনে তাঁর শ্বশুরের শরীরের ওপর ছুড়ে মারেন। চুলাটি বিস্ফোরিত হয়ে তাঁর শরীরে আগুন ধরে যায়।
পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে গুরুতর অবস্থায় বাবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।
মণি আক্তার অভিযোগ করেন, হামলাকারীদের একজন দেলোয়ার হোসেন শাহ আলী থানার পুলিশের কনস্টেবল বলে পরিচয় দিয়েছিলেন।
রাতে যোগাযোগ করা হলে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল প্রথম আলোকে বলেন, দেলোয়ার থানার কনস্টেবল নন, তিনি ‘সোর্স’। ঘটনার সময় থানার কোনো পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দগ্ধ বাবুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সোর্স দেলোয়ারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হবে।
গত রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমারের বিরুদ্ধে। এই অভিযোগে করা মামলার বিচার বিভাগীয় তদন্তেরও আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া গত জানুয়ারিতে দুই এসআইয়ের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে মারধর করার অভিযোগ ওঠে।