চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর, লুট
চাঁদা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নাকরীহাট গ্রামের এক ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ। গত রোববার এ ঘটনা ঘটে। এ সময় তারা ওই ব্যবসায়ী ও তাঁর নাতিকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বারদী ইউনিয়নের নাকরীহাট গ্রামের ড্রেজার ব্যবসায়ী আবুল হোসেন বলেন, তিনি তাঁর বাড়ির সামনে ড্রেজার বসিয়ে বালু বিক্রির ব্যবসা করেন। এক মাস ধরে তিনি এ ব্যবসা করে আসছেন। গত সপ্তাহে তাঁর প্রতিপক্ষ একই গ্রামের সিদ্দিক ফকির ব্যবসা করতে হলে দুই লাখ টাকার চাঁদার দাবি করেন। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় সিদ্দিক ফকিরের নেতৃত্বে ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে রোববার তাঁর বাড়িঘর ভাঙচুর করে। সেই সঙ্গে তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তিনি বাধা দেওয়ায় প্রতিপক্ষরা তাঁকে ও তাঁর নাতি জুয়েল মিয়াকে পিটিয়ে আহত করে। তাঁরা দুজন বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
সিদ্দিক ফকির বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’ থানার ওসি মঞ্জুর কাদের জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।