চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সাদীপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ হামলার সঙ্গে ছাত্রলীগের ক্যাডাররা জড়িত বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যরা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের ব্যবসায়ী জালাল উদ্দিন তাঁর বাড়ির জমিতে এক মাস ধরে ভবন নির্মাণের কাজ করছেন। এই কাজ চলাকালে কয়েক দফায় একই গ্রামের এমদাদুল হক, নাদিম মিয়া ও মোমেন হোসেন তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। গতকাল সকালে এমদাদুল হক জালাল উদ্দিনকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আবারও চাঁদা দাবি করেন। এতে অস্বীকৃতি জানানোয় তাঁরা ক্ষিপ্ত হন। একপর্যায়ে এমদাদুল হক, নাদিম মিয়া ও মোমেন হোসেন হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর হাত-পা ভেঙে দেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত জালাল উদ্দিন বলেন, ‘এক লাখ টাকা চাঁদার জন্যই সন্ত্রাসীরা আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে। সন্ত্রাসীরা সবাই এলাকার ছাত্রলীগের ক্যাডার পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে।’
হামলার অভিযোগ অস্বীকার করে এমদাদুল হক বলেন, ‘ছাত্রলীগের রাজনীতির সঙ্গে আমি জড়িত। ভুল-বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’
সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদ বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ছাত্রলীগের নাম ভাঙিয়ে অপকর্ম করছে বলে আমরা জানতে পেরেছি। তাঁরা ছাত্রলীগের কমিটিতে নেই।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।