চাঁদা না পেয়ে রেস্তোরাঁ পুড়িয়ে দিল প্রতিপক্ষ!
নাটোরের গুরুদাসপুর উপজেলায় চাঁদা না পেয়ে ও উচ্ছেদে ব্যর্থ হয়ে এক ব্যক্তির রেস্তোরাঁ পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে চাপিলা ইউনিয়নের নওপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
রেস্তোরাঁটির মালিক আবদুল আজিজ। তাঁর বাড়ি নওপাড়া গ্রামে। এ ঘটনায় গতকাল শুক্রবার তিনি একই গ্রামের শহিদুল ইসলাম, শুকুর আলী, জাহাঙ্গীর হোসেন, জালাল হোসেন, রাজীব হোসেন ও আবদুস সালামকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আবদুল আজিজ বলেন, এক বছর আগে একই গ্রামের মোহর আলী নামের এক ব্যক্তির কাছে জায়গা ভাড়া নিয়ে সেখানে ঘর তুলে তিনি রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন। মোহর আলীর সঙ্গে শহিদুল ইসলাম ও শুকুর আলীর বিরোধ ছিল। শহিদুল ও শুকুর মাস তিনেক ধরে তাঁকে দোকানটি উচ্ছেদের জন্য চাপ দিচ্ছিলেন। না হলে ৫০ হাজার টাকা চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে বলে হুমকি দেওয়া হয়। এতে তিনি রাজি হননি। চাঁদার টাকা না পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে শহিদুল ও শুকুরের লোকজন রেস্তোরাঁটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে তাঁর দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
আবদুল আজিজ আরও বলেন, তিনি ভূমিহীন। একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে ভাড়া জায়গায় দোকানটি করেছিলেন। রেস্তোরাঁটি পুড়িয়ে দেওয়ায় এখন তিনি পথে বসেছেন। তিনি অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন।
মোহর আলী বলেন, আজিজের অবস্থা বিবেচনা করে জায়গাটি দোকান করার জন্য ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু শহিদুল ইসলাম-শুকুর আলীর সঙ্গে তাঁর (মোহর) রেষারেষি থাকায় শহিদুল ইসলাম ও তাঁর সহযোগীরা দোকানটি পুড়িয়ে দিয়েছে।
তবে শহিদুল ইসলাম বলেন, মোহর আলী খাস জায়গা দখলে নিয়ে আজিজকে ভাড়া দিয়েছিলেন। কে বা কারা দোকানটি পুড়িয়ে দিয়েছে, তাঁরা জানেন না। এখন দায় চাপানো হচ্ছে তাঁদের ওপর।
গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুর রহমান বলেন, ‘অভিযোগের কপি হাতে পেয়েছি। তদন্ত করেšব্যবস্থা নেওয়া হবে।’