চাঁদা না পেয়ে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে নিজপাড়া গ্রামে চাঁদা না পেয়ে গত সোমবার রাতে সন্ত্রাসীরা সংখ্যালঘুদের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীদের হামলায় এ সময় পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে নিজপাড়া গ্রামের ব্যবসায়ী রাজেন্দ্র নাথ বর্মণ (৩৫) পৌর এলাকার নয়ারহাটে যান। রাজেন্দ্রর অনুপস্থিতিতে তাঁর বাড়িতে গিয়ে স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসী তাঁর পরিবারের সদস্যদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে রাতে রাজেন্দ্র বাড়িতে এলে সন্ত্রাসীরা আবার আসে।
হামলার শিকার হওয়া পরিবারের সদস্যরা জানান, প্রায় ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী তিনটি অটোরিকশা এবং তিনটি মোটরসাইকেলে করে আসে। তাদের কাছে দেশীয় অস্ত্রও ছিল। তারা রাজেন্দ্রর থাকার ঘরে প্রবেশ করে চাঁদা চায়। সন্ত্রাসীরা তাঁকে মারতে শুরু করলে তাঁর দুই স্ত্রী রত্না রানী ও জয়মালা তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন। সন্ত্রাসীরা তাঁদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং কিলঘুষি মারতে থাকে। এ সময় অন্তঃসত্ত্বা রত্না রানী গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা রাজেন্দ্রকে কুপিয়ে গুরুতর আহত করে।
হামলাকারীরা এ সময় রাজেন্দ্রর জ্যাঠাতো ভাই রণজিৎ কুমার বর্মণের বাসায়ও হামলা চালায়। সন্ত্রাসীরা রণজিৎ এবং রাজেন্দ্রর ভাগনে শৈলেন্দ্র নাথ বর্মণকেও মারে। পরে হামলাকারীরা রাজেন্দ্র ও রণজিতের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলাকারীরা ঘরের সঙ্গে লাগোয়া রাজেন্দ্রর মুদিদোকানেও লুটপাট চালায়।
হামলার সময় প্রথমে সাহস না পেলেও পরে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের ধাওয়া করেন। তখন সন্ত্রাসীরা তিনটি অটোরিকশা ফেলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় নিজপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে লুতু নামের একজনকে ধরে গণধোলাই দেন তাঁরা। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, রাজেন্দ্র ও রণজিতের পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। মহেন্দ্রনগর ইউপি চেয়ারম্যান আবদুস সোবাহান মণ্ডল বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে এলাকার পরিবেশ আরও খারাপ হবে।
লালমনিরহাট সদর থানার কর্তব্যরত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি অটোরিকশা আটক করে থানায় নিয়ে এসেছে।