চাঁদা না পেয়ে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা না পেয়ে এক সাংবাদিককে জেলা যুবলীগের সহসভাপতি মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ
ঘটনায় গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা হয়েছে।
মারধরের শিকার ইব্রাহিম খান (৪৫) দৈনিক কুরুলিয়া পত্রিকার সম্পাদক। এর পাশাপাশি তিনি শহরের গ্র্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। হাসপাতালটি পৌর আধুনিক সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত।
এজাহারের সূত্রে জানা গেছে, ঈদের কেনাকাটা করে গত শনিবার রাত ১১টার দিকে স্ত্রী ও ভাইকে সঙ্গে নিয়ে ইব্রাহিম গ্র্যান্ড হাসপাতালে যান। তখন ইব্রাহিমের কক্ষে যুবলীগের সহসভাপতি সুমন মিয়ার (৩৮) কয়েকজন অনুসারী এসে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা চান। ইব্রাহিম টাকা দিতে অস্বীকার করলে তাঁরা রাগারাগি করে সেখান থেকে চলে যান।
কিছুক্ষণ পর স্ত্রী ও ভাইকে নিয়ে পৌর আধুনিক মার্কেটের নিচে নামলে ইব্রাহিমের কপালে পিস্তল ঠেকান যুবলীগ নেতা সুমন। চাঁদা না দিলে হত্যারও হুমকি দেওয়া হয়। এরপর সুমন ও তাঁর সহযোগীরা ইব্রাহিমকে কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় ইব্রাহিমের স্ত্রী ও ভাইয়ের চিৎকারে মার্কেটের ব্যবসায়ীরা এগিয়ে এলে সুমন ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।
এজাহারে আরও বলা হয়, সুমন পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থার তালিকাভুক্ত সন্ত্রাসী। শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনের চত্বরসহ আশপাশ এলাকার ফুটপাতের সব দোকানির কাছ থেকে নিয়মিত চাঁদা নেন সুমন।
পৌর আধুনিক সুপার মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আরমান মিয়া প্রথম আলোকে বলেন, তাঁরা সুমনের বিরুদ্ধে অভিযোগ দিতে দিতে হয়রান হয়ে গেছেন। অভিযোগ দিলেও কোনো লাভ হয় না।
এ বিষয়ে কথা বলতে সুমন মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইব্রাহিম খানকে মারধর ও হুমকি দেওয়ার প্রতিবাদে গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা এতে সভাপতিত্ব করেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামির, সাবেক সভাপতি মো. আরজু, সাংবাদিক মঞ্জুরুল আলম, সৈয়দ মো. আকরামসহ অনেকে সভায় উপস্থিত ছিলেন।