বগুড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে অবাধে চলাচল করছে সিএনজিচালিত তিন চাকার অটোরিকশা ও ইজিবাইক। পরিবহন মালিকদের অভিযোগ, অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা নিয়ে মহাসড়কের বগুড়া-শেরপুর রুটে এসব যান চলাচলের সুযোগ করে দিচ্ছেন শাজাহানপুর থানা-পুলিশ। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন।
বগুড়া প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বগুড়া মোটর মালিক গ্রুপের অন্তর্ভুক্ত শেরপুর বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলন থেকে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে ব্যবস্থা নিতে পুলিশকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন সমিতির নেতারা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে ব্যবস্থা না নিলে সব ধরনের বাস-মিনিবাস বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তাঁরা।
তবে শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে পুলিশ তৎপর রয়েছে। কিন্তু সীমিত জনবল দিয়ে বিপুলসংখ্যক অটোরিকশা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। চাঁদার বিনিময়ে পুলিশ এসব যান চলাচলের সুযোগ করে দিচ্ছে বলে যে অভিযোগ করা হয়েছে, তাও সত্য নয়। তিনি উল্টো পরিবহন মালিকদের বিরুদ্ধে অভিযোগ করেন, গেটলক বাসের ভাড়া নিয়ে যাত্রীদের সেবা ঠিকমতো দেওয়া হচ্ছে না। এসব বাসের বেশির ভাগেরই ফিটনেস সনদ নেই।
সংবাদ সম্মেলনে পরিবহন মালিকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেন শেরপুর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, গত বছরের ২৫ আগস্ট যোগাযোগমন্ত্রী মহাসড়কে তিন চাকার অটোরিকশাসহ সব ধরনের অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেন। পরে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এসব যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।