চাঁদা হিসেবে ইলিশ তুলতে যাওয়ায় দুই ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে চাঁদা হিসেবে ইলিশ মাছ তুলতে যাওয়ায় গতকাল শনিবার সকাল ১০টার দিকে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি ইলিশ জব্দ করা হয়।
হাতেনাতে আটক ওই দুই ব্যক্তি হলেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির হিসাবরক্ষক শহিদুল ইসলাম (৩৮) ও কর্মচারী আল আমিন (৩২)।
বিএফডিসি পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এভাবে বিএফডিসি এলাকা থেকে চাঁদা হিসেবে ইলিশ মাছ সংগ্রহ বন্ধ রাখবেন বলে তাঁরা লিখিত মুচলেকা দিয়েছেন। তাই প্রাথমিকভাবে তাঁদের ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়েছে।
পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জমাদ্দার বলেন, ‘গতকাল সকাল ১০টার দিকে বিএফডিসিতে ইলিশ মাছ চাঁদা তোলার সময় হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করা হয়। একই সঙ্গে তাঁদের কাছ থেকে পাঁচটি ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ওই ইলিশ বিএফডিসি কর্তৃপক্ষ আমার কাছে জিম্মায় রাখে। তবে হাতেনাতে আটক ওই দুই ব্যক্তিকে পরে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। এভাবে গত ইলিশ মৌসুমেও প্রায় এক কোটি টাকার ইলিশ চাঁদা তুলেছিল বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।’
অভিযোগ প্রসঙ্গে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহসভাপতি আলম মোল্লা বলেন, চাঁদা নয়, তাঁদের কাছ থেকে স্বেচ্ছায় একটি করে ইলিশ মাছ আদায় করে সমিতি। তা দিয়েই সমিতির কার্যক্রম চলে।