চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়ে কারাগারে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ভাগনে পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে মতিউজ্জামান ওরফে হিরা (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মতিউজ্জামান সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত এক কর্মকর্তার ছেলে ।
সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক রবিউল ইসলাম বলেন, আজ বেলা দেড়টার দিকে কার্যালয়ে এসে মতিউজ্জামান নিজেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ভাগনে বলে পরিচয় দেন। তিনি বলেন, এইচ টি ইমামের কাছে গিয়ে যোগাযোগ করে ৭৫০ মেট্রিন টন চাল বরাদ্দ আনতে তাঁদের কিছু খরচাপাতি হয়েছে। তাই তিনি ১০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তাঁকে এক ঘণ্টা পরে টাকা নিতে আসতে বলা হয় এবং ডিবি পুলিশকে খবর দেওয়া হয়। এর ভিত্তিতে ডিবি পুলিশ সাদা পোশাকে কার্যালয়ে অবস্থান করে। পরে পুলিশের সামনে তাঁকে ১০ হাজার টাকা দেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়। পরে মতিউজ্জামান তাঁর আসল পরিচয় প্রকাশ করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, আটক হওয়া ব্যক্তির কাছ থেকে চাঁদার ১০ হাজার টাকা এবং মোবাইলের বেশ কয়েকটি সিম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রবিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। আটকের পর মতিউজ্জামানকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।