চাঁদাবাজি করতে গিয়ে পুলিশ ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি করার সময় এবার জনতার হাতেই ধরা পড়লেন পুলিশ কর্মকর্তা। নীলফামারীর সৈয়দপুর শহরের বাংলাবাজার এলাকায় গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। ওই কর্মকর্তার নাম আবুল বাশার। তিনি রংপুর পুলিশ লাইনে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার মামুন কবির তাঁর ছেলে ফাহিম কবিরকে নিয়ে মোটরসাইকেলে দিনাজপুর যাচ্ছিলেন। পথে সৈয়দপুর কলেজের সামনে বাংলাবাজার এলাকায় এএসআই আবুল বাশার তাঁর মোটরসাইকেলটি দাঁড় করান। এই সময় তিনি তাঁর কাছে মোটরসাইকেলের লাইসেন্সসহ কাগজপত্র আছে কি না জানতে চান।
মামুন কবির অভিযোগ করেন, কাগজপত্র না থাকায় ওই পুলিশ কর্মকর্তা তাঁর কাছে পাঁচ হাজার টাকা উৎকোচ দাবি করে বলেন, টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।
মামুন কবির বলেন, ‘আমি সৈয়দপুর থানা এবং ট্রাফিক বিভাগের সব সদস্যকে চিনি। ওই কর্মকর্তাকে চিনতে না পারায় তাঁর কাছে জানতে চাই তিনি সৈয়দপুরে কবে যোগ দিয়েছেন? উত্তরে তিনি বলেন, “আমি নীলফামারী থেকে এসেছি, আমি ডিবি কর্মকর্তা।” এতে সন্দেহ হয় আমার। ফলে তাঁকে টাকা দেওয়ার কথা বলে কৌশলে রাবেয়া মোড় এলাকায় একটি পেট্রলপাম্পে নিয়ে যাই। সেখানে লোকজনকে সন্দেহের বিষয়টি জানাই। এই সময় এলাকাবাসী ওই পুলিশকে আটক রেখে থানায় খবর দেয়। পরে সেখানে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।’
সৈয়দপুর থানায় জিজ্ঞাসাবাদে আবুল বাশার জানান, তিনি রংপুর কোতোয়ালি থানায় কর্মরত আছেন। তবে ওই থানার ওসি আবদুর কাদের জিলানী দাবি করেন, আবুল বাশরকে দুই সপ্তাহ আগে রংপুর পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, অন্য থানা থেকে এসে এমন কাজ করার সুযোগ নেই পুলিশের। এটা নিঃসন্দেহে অপরাধ। ওই কর্মকর্তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাঁকে রংপুর থানায় হস্তান্তর করা হয়েছে।