চাঁদাবাজি নিয়ে সংঘর্ষে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে চাঁদাবাজিকে কেন্দ্র করে গতকাল সোমবার নওগাঁয় ট্রাক পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের জের ধরে নওগাঁ-বগুড়া মহাসড়কে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নওগাঁ ট্রাক পরিবহন শ্রমিক গ্রুপ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কে চাঁদা তোলাকে কেন্দ্র করে স্থানীয় ট্রাক শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
একটি সংগঠনের নেতৃত্বে আছেন শাহাদৎ হোসেন শাহীন। অপরটির একরামুল হোসেন নামের আরেক শ্রমিকনেতা। সম্প্রতি শাহাদৎ পক্ষের ট্রাকচালক আসলামের কাছ থেকে শহরের বাইপাস সড়কে গাড়ি থামিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন একরামুল পক্ষের লোকজন। চাঁদা দিতে না চাইলে তাঁকে মারধর করা হয়।
এর জের ধরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হন। রাকিবুল ও হাসান নামের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের সময় সকাল নয়টা থেকে নওগাঁ-বগুড়া মহাসড়কের নওগাঁ শহরের বাইপাস এলাকায় ব্যারিকেড দেন শ্রমিকেরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে বেলা তিনটার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
শ্রমিকদের এক পক্ষের নেতা শাহাদৎ হোসেন অভিযোগ করেন, ‘একরামুল হোসেনের সংগঠনের কোনো বৈধতা নেই। তারা পেশিশক্তি ব্যবহার করে ও বহিরাগতদের এনে সড়কে অবৈধভাবে চাঁদা আদায় করে। এর প্রতিবাদ করায় ওই সংগঠনের সন্ত্রাসী বাহিনী আমাদের শ্রমিকদের পেটায়।’
এদিকে প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করে একরামুল হোসেন বলেন, ‘আমাদের সংগঠনই আসল। ওই পক্ষেরই কোনো বৈধ ভিত্তি নেই। মহাসড়কে আমরা কোনো চাঁদাবাজি করি না। বরং ওই সংগঠনের লোকজনই চাঁদাবাজি করে। আজকে তারাই আগে আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।’
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, শ্রমিকদের দুটি পক্ষের এ বিরোধ দীর্ঘদিনের। মাঝে মাঝেই তাদের মধ্যে ঝামেলা হয়। বিরোধ নিরসনে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।