চাঁদাবাজি মামলায় তিন 'ভুয়া সাংবাদিক' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিন ‘ভুয়া সাংবাদিক’কে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বনপাড়ার শাহজাহান আলীর ছেলে শহীদুল ইসলাম, বনপাড়ার সরদারপাড়ার আলম হোসেনের ছেলে শুভ হোসেন ও বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি নুরপুর গ্রামের আজিজুল হকের ছেলে এমদাদুল হক।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাবিব হোসেন জানান, গ্রেপ্তার তিনজনসহ সাত-আটজন ৮ ডিসেম্বর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগমের কার্যালয়ে গিয়ে ‘আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র কর্মী ও দৈনিক চৌকস পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হবে বলে হুমকি দেন। এ ঘটনায় বুধবার রাতে হেলেনা বেগম বাদী হয়ে মামলা করলে গতকাল ভোরে তাঁদের আটক করা হয়।
হেলেনা বেগম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা প্রথমে নিজেদের মাই টিভির সাংবাদিক পরিচয় দেন, পরে নিজেদের মানবাধিকার সাংবাদিক সংস্থার কর্মী হিসেবে পরিচয় দেন। তাঁরা আমার বাড়িতে গিয়ে আমার বৃদ্ধ বাবার সাক্ষাৎকার ক্যামেরাবন্দী করেন এবং তা প্রচারের হুমকি দেন। পরে আমি মাই টিভিতে খোঁজ নিয়ে জানতে পারি, তাঁরা ভুয়া পরিচয় দিয়ে আমার সঙ্গে প্রতারণা করেছেন।’
বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক বলেন, ‘আটক ব্যক্তিদের এলাকায় কখনো সাংবাদিকতা করতে দেখিনি। তাঁরা প্রতারণার আশ্রয় নিয়েছেন বলেই মনে হয়।’