চাঁদাবাজি মামলায় গাজীপুরে ছাত্রলীগের নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান আদালত।
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আকরাম হোসেন বাদী হয়ে গত বছরের ৮ সেপ্টেম্বর গাজীপুর আদালতে আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। গতকাল মামলায় হাজিরা দেন জাহাঙ্গীর আলম।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার তালতলী এলাকার খালপাড়ে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ কারখানায় কার্যাদেশের মাধ্যমে দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা করছিলেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার। গত বছরের ৩১ আগস্ট ঝুট আনতে কারখানায় গেলে প্রধান ফটকের সামনে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় আকরাম হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় গতকাল আদালতে হাজিরা দিতে গেলে মুখ্য বিচারিক হাকিমের আদালত-৪-এর বিচারক মাহবুবা আক্তার জাহাঙ্গীরের জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠান।
এ বিষয়ে জানতে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিয়ে ও খুদে বার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।