চাঁদাবাজিতে বিপাকে হোমনার সহস্রাধিক অটোচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলার সিএনজিচালিত অটোচালকদের কাছ কাছ প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। সিএনজি মালিক সমিতি, সমিতির এক নেতা ও পুলিশ ওই চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন চালকেরা।
হোমনা শ্রমিক লীগের সদস্যসচিব মো. আল আমিন বলেন, হোমনা উপজেলায় ২ হাজার ৬০০ সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ২০০টি অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। তাঁদের কাছ থেকে ৩০-৪০ হাজার টাকা আদায় করা হচ্ছে। বাকিগুলো থেকেও চাঁদা আদায়ের চেষ্টা চলছে।
অটোরিকশার চালকদের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী অটোরিকশার চালকদের কাছ থেকে বিভিন্ন স্থানে প্রতিদিন ও মাসে চাঁদা নেওয়া হয়। এর মধ্যে হোমনা সিএনজি মালিক সমিতির নামে প্রতিদিন ১০ টাকা, হোমনা চৌরাস্তায় স্টিকার লাগিয়ে প্রতি মাসে ভাই ভাই অটো ট্রেডার্সের নামে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। এ ছাড়া তিতাস উপজেলার চালানশাপুর ও বাতাকন্দি এবং দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে গ্যাস নেওয়ার সময় প্রতিবার ১২৫ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। প্রতিদিন চাঁদা ও জমার টাকা দেওয়ার পর অর্জিত আয় দিয়ে চালকদের সংসার চালানো ভীষণ কষ্টকর হয়ে পড়েছে।
হোমনা উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. ছালাউদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘এক সপ্তাহ আগে চাঁদাবাজি বন্ধ করতে ইউএনও স্যারের কাছে আমরা দুই শ চালক লিখিত অভিযোগ দিয়েছি। ইউএনও স্যার আমাদের বলেছেন, মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেবেন। কিন্তু এক সপ্তাহ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
কয়েকজন অটোচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, হোমনা চৌরাস্তা এলাকায় সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ভাই ভাই অটো ট্রেডার্সের নামে স্টিকার লাগিয়ে প্রতি মাসে ৩০০ টাকা করে চাঁদা তোলেন তাঁর লোকজন। চাঁদা না দিলে নানা হয়রানির শিকার হতে হয়। গ্যাস নিতে গিয়ে তিতাস উপজেলার গাজীপুর বাজার এলাকা থেকে প্রতি মাসে চাঁদা দিতে হয় থানার পুলিশকে। তা ছাড়া প্রতিদিন হোমনা সিএনজি সমিতির নামে হোমনা চৌরাস্তা মোড় এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে ১০ টাকাসহ বাতাকন্দি, চালানশাপুর, গৌরীপুর বাজার ও মোড়ে প্রায় ১২৫ টাকা চাঁদা তোলা হয়।
চাঁদা আদায়ের অভিযোগের বিষয়ে হোমনা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, ‘আমার দোকানের নামে স্টিকার দিয়ে কোনো অটোরিকশা থেকে চাঁদা তোলা হয় না। আমি শুনছি কিছু অটোচালক ইউএনও স্যারের নিকটে আমার নামে একটা অভিযোগ দিয়েছে। কিন্তু এই চাঁদাবাজির সঙ্গে আমি জড়িত না। আর সমিতির নামে প্রতিদিন ১০ টাকা করে যে চাঁদা নেওয়া হয় সে বিষয়েও আমার জানা নাই।’
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, কিছু লোকজন হয়তো চাঁদাবাজির ভাগ পান না, তাঁরাই অভিযোগ করেছেন। চাঁদাবাজি তো অনেক জায়গাতেই হচ্ছে। তবে থানার পুলিশ কোনো চাঁদার ভাগ নেয় না। পুলিশের নামে কেউ চাঁদা তুললে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘তিতাস থানা এলাকায় পুলিশের নামে কেউ চাঁদা নেয় না। গরিব মানুষের কাছ থেকে কেন চাঁদা নিতে হবে। আমরাও চাই এ ধরনের কিছু হলে ব্যবস্থা নেওয়া হোক।’
এ বিষয়ে হোমনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহিদুল ইসলাম বলেন, ‘অটোরিকশার চালকেরা চাঁদাবাজির বিষয়ে একটি অভিযোগ দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কিছুই করা হয়নি। ওই চালকদের আমি ডাকব এবং পুলিশকেও বিষয়টি জানানো হবে।’