চাঁদাবাজির অভিযোগে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুব আলমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে মাহবুব আলমকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার দীঘিনালায় সমাবেশ হয়েছে। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বোয়ালখালী নতুন বাজারে অর্ধদিবস ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
বোয়ালখালী নতুন বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম গতকাল মো. মাহবুব আলমকে প্রধান আসামি করে এই মামলা করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলার আসামি মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, মাহবুবকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে পুলিশ ইয়াবাসহ বোয়ালখালী সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেলকে গ্রেপ্তার করে। এ ঘটনার জের ধরে শুক্রবার গভীর রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুব আলমের নেতৃত্বে তাঁর অনুসারীরা বোয়ালখালী নতুন বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমের জিপ ভাঙচুর করেন এবং বাজারে হামলা চালান। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা গতকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বোয়ালখালী নতুন বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন।
এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলমকে গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে ‘উপজেলার সকল ব্যবসায়ীর’ ব্যানারে বোয়ালখালী নতুন বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লারমা স্কয়ারে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বোয়ালখালী নতুন বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজল আহাম্মদ ও দীঘিনালা থানা বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম।
বক্তারা বলেন, গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব বোয়ালখালী বাজারে হামলা চালিয়েছেন। এ ধরনের হামলা ব্যবসায়ীরা কোনোভাবেই মেনে নেবেন না। ব্যবসায়ীরা অবিলম্বে মাহববুকে ছাত্রলীগের সভাপতির পদ থেকে বহিষ্কার ও তাঁকে গ্রেপ্তারের দাবি জানান।
উপজেলা যুবলীগের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার বোয়ালখালী (সদর) ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।