চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ওরফে আলমাছ মামলাটি করেন।
মামলায় ইত্তেফাক-এর রূপগঞ্জ সংবাদদাতা এম এ মোমেন, মানবকণ্ঠ-এর রূপগঞ্জ প্রতিনিধি মো. হানিফ মোল্লা ও টেক্সটাইল মিলের মালিক মোশারফ হোসেনকে আসামি করা হয়।
এজাহারে তোফায়েল আহম্মদ উল্লেখ করেন, ‘২৭ সেপ্টেম্বর বেলা তিনটায় আমি ও আমার সহকর্মী এজাজ আহম্মেদ ও শরীফ মঠের ঘাট ভূমি অফিসের সামনের রাস্তায় আলাপ-আলোচনা করছিলাম। এ সময় মোটরসাইকেলে করে মোমেন, হানিফ ও মোশারফ আসেন। এরপর হানিফ আমার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
একপর্যায়ে তাঁরা রড, জিআই পাইপ দিয়ে আমাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করেন। এ সময় মোশারফ আমার সহকর্মী এজাজের পকেট থেকে ৫০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন। হানিফ আমার ভাতিজা ফরিদের সঙ্গে থাকা মুঠোফোন ছিনিয়ে নেন ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।’
এম এ মোমেন বলেন, ‘২৬ সেপ্টেম্বর প্রথম আলো ও ২৭ সেপ্টেম্বর সমকাল-এ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মুড়াপাড়ার দড়িকান্দি এলাকার একটি জমিতে বালু ভরাটের সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।’
রূপগঞ্জ থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।’