চাঁদাবাজির অভিযোগে র্যাব সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্রাম্য এক কবিরাজের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে র্যাবের এক সদস্যসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। উপজেলার আষাঢ়িয়ারচর গ্রাম থেকে গতকাল শনিবার তাঁদের গ্রেপ্তার করে র্যাবেরই একটি দল।
গ্রেপ্তার হওয়া র্যাব সদস্য হুমায়ন কবির (৩৫) র্যাব-১৩-এ কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামের আবদুল বাতেনের ছেলে। হুমায়ন নিজেকে নির্দোষ দাবি করেছেন।
সোনারগাঁ থানায় এক লিখিত অভিযোগে আষাঢ়িয়ারচর গ্রামের বাসিন্দা কবিরাজ মহসিন দেওয়ান বলেন, এক বছর ধরে স্ত্রী শিল্পী আক্তারের সঙ্গে তাঁর মতবিরোধ চলছিল। এ ঘটনা নিয়ে আদালতে একাধিক মামলাও হয়। তবে পরে মামলাগুলোর আপস নিষ্পত্তি হয়ে গেছে। বর্তমানে তাঁরা একসঙ্গেই বাস করছেন। কিন্তু মতবিরোধের সময়ে গ্রেপ্তার ও ‘ক্রসফায়ার’-এর ভয় দেখিয়ে র্যাব সদস্য হুমায়ন কবির তাঁর কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা চাঁদা নেন। গতকাল শনিবার নতুন করে তিনি এক লাখ টাকা দাবি করেন ও চার সহযোগীকে নিয়ে তাঁর বাড়িতে আসেন। এ ঘটনা র্যাব-১১-কে জানালে তারা এসে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া অন্য চারজন হলেন গজারিয়া উপজেলার জামালদী গ্রামের বাসিন্দা ও কবিরাজ মহসিন দেওয়ানের শাশুড়ি শাহিদা আক্তার (৪০), বাতেরচর গ্রামের নুরুল ইসলামের ছেলে আমজাদ হোসেন (৩২), রংপুরের কোতোয়ালি থানার জানখীদাপের হাট গ্রামের মাহবুব ইসলাম (৩০) ও বকরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের শুক্কুর মিয়ার ছেলে হাসানুজ্জামান (২৪)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১-এর অধিনায়ক আনোয়ার লতিফ খান বলেন, হুমায়ন কবির কার্যালয়ের অনুমতি ছাড়া রংপুর থেকে মাইক্রোবাসে করে সোনারগাঁয়ে এসেছিলেন। চাঁদাবাজির সময় তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।