চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকসহ দুই ব্যক্তিকে গত বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে হবিগঞ্জের নবীগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া সাংবাদিক এম এ আহমদ আজাদ হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক খোয়াই পত্রিকার নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি। চাঁদাবাজির অভিযোগে এক ঠিকাদারের দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। বেশ কিছুদিন ধরেই এ প্রকল্পের ঠিকাদার বেলাল মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিলেন আহমদ আজাদ, বজলু মিয়া ও আনহার মিয়া নামের তিন ব্যক্তি। ঠিকাদার সম্প্রতি তাঁদের এক লাখ টাকাও দেন। গত বুধবার রাতে ঠিকাদারের মালামাল বোঝাই একটি ট্রাক বিবিয়ানার প্রবেশমুখে আটক করেন ওই তিন ব্যক্তি। এ ঘটনায় ঠিকাদার পরদিন ওই তিনজনকে আসামি করে মামলা করলে পুলিশ আহমদ আজাদ ও বজলু মিয়াকে গ্রেপ্তার করে।
আহমদ আজাদ অবশ্য গত বৃহস্পতিবার দুপুরে আদালত চত্বরে স্থানীয় সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন।
নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, আহমদ আজাদের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে বিবিয়ানা গ্যাসক্ষেত্রে চাঁদাবাজি করে আসছিল। আজাদের বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির মামলা আদালতে বিচারাধীন।