চট্টগ্রামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন সিএনজিচালিত অটোরিকশার এক চালক। গতকাল মঙ্গলবার নগরের জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নগরের আকবর শাহ থানা এলাকার আবদুল খালেক। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আকবর শাহ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মওদুদ আহমদ। সংবাদ সম্মেলনে খালেক জানান, এএসআই মওদুদ ৬ জানুয়ারি তাঁকে একটি নোটিশ দিয়ে পরদিন সন্ধ্যায় থানায় হাজির হতে বলেন। থানায় হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে গালাগাল ও জায়গা ছেড়ে দিতে হুমকি দেন মওদুদ। পরে মুঠোফোনে হুমকি দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। মওদুদ বলেন, খালেক যে জায়গায় বাস করছেন সেই জায়গাটি দাবি করে আরেক ব্যক্তি থানায় অভিযোগ দেওয়ায় তাঁকে নোটিশ দেওয়া হয়েছে। তাঁর কাছে কোনো টাকা দাবি বা হুমকি দেওয়া হয়নি।