চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করলেন কাউন্সিলর
টিকাটুলীর রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি হিসেবে দাবি করে আসা ময়নুল হক মনজু তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীদের করা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য।
গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ময়নুল হক দাবি করেন, তাঁর প্রতিপক্ষ বাবুলের সমর্থক ব্যবসায়ীরা পুলিশকে ব্যবহার করতে না পারলেও র্যাবকে ভুল বুঝিয়ে শতাধিক চাঁদাবাজির দরখাস্ত দাখিল করে ৮ জুলাই রাতে রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটে অভিযান চালিয়েছেন। পরে র্যা বের ভ্রাম্যমাণ আদালত মার্কেট কমিটির দুজন ও আটজন অতিথিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠান।
ময়নুল বলেন, এক মাস আগ থেকে পরিকল্পনা নিয়ে র্যাবকে ভুল বুঝিয়ে ও ভুল তথ্য দিয়ে মার্কেটে অভিযান চালানো হয়। তিনি অভিযোগ করেন, ‘বাবুল বড় বড় টাকার বান্ডেল দিয়ে সবকিছুর সমাধান করে ফেলেন। আমি টাকার কাছে হার মেনেছি। এই টাকা পুলিশ না র্যাবকে দেওয়া হয়েছে তা আমি বলতে চাই না, আপনারা বুঝে নেন।’ তিনি দাবি করেন তাঁর বিরুদ্ধে কোনো সাধারণ ডায়েরি (জিডি) নেই। তখন ব্যবসায়ীদের করা জিডির বিষয়টি মনে করিয়ে দিলে ময়নুল বলেন, ঘুরেফিরে ওই আট-দশজনই তাঁর বিরুদ্ধে জিডি করেন।
চাঁদা না দিলে ব্যবসায়ীদের নির্যাতন চালানো হয়, এ কারণে তাঁর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ময়নুল বলেন, ‘নির্যাতন তো দূরের কথা আমি জীবনে কাউকে ধমক দিইনি। আমি সন্ত্রাস করলে ওরা কথাই বলতে পারত না।’
ময়নুল মার্কেট কমিটির সদস্যসংখ্যা ২৫ জন বলে জানালেও গতকাল সংবাদ সম্মেলনে তাঁদের মধ্যে মাত্র পাঁচজন উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে আহসানউল্লাহ ও মো. কামালউদ্দিন গত ২৪ আগস্ট ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা খেটে কারাগার থেকে বেরিয়েছেন। সম্মেলনে উপস্থিত আরও দুজন ব্যবসায়ী নিজেদের কমিটির সদস্য বলে দাবি করেন।
কমিটির অন্য সদস্যরা উপস্থিত নেই কেন—সাংবাদিকদের প্রশ্নের জবাবে ময়নুল বলেন, র্যা বের অভিযানের পর ভয় পেয়ে যাওয়ায় তাঁরা উপস্থিত থাকতে পারেননি। তবে মার্কেট কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম (যুবলীগের বহিষ্কৃত নেতা) অসুস্থ বলে ওয়ার্ড কাউন্সিলর দাবি করেন।