চাঁদাবাজির অভিযোগে এএসআই অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ীরা গত শনিবার সন্ধ্যায় সিআইডির এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তাঁর সোর্সকে আটক করেন। এএসআইকে গতকাল রোববার প্রত্যাহার করে সদর দপ্তরে ও তাঁর সোর্সকে আদালতে পাঠানো হয়েছে।

খানগঞ্জ ইউনিয়নের পুরোনো বেলগাছী বাজারে এ ঘটনা ঘটে। বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, শনিবার বিকেল পাঁচটার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী উপপরিদর্শক (এএসআই) আকরামুজ্জামান ও তাঁর তথ্যদাতা (সোর্স) নজরুল ইসলাম পুরোনো বেলগাছী বাজারে আসেন। তাঁরা নিষিদ্ধ পলিথিন ও বলবর্ধক পানীয় বিক্রির অভিযোগ এনে স্থানীয় একটি মুদিদোকানে তল্লাশি চালাতে চান। একপর্যায়ে সোর্সের মাধ্যমে এএসআই ওই দোকানির কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ তথ্য জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের অবরুদ্ধ করে লাঞ্ছিত করেন।

স্থানীয় বাজার ব্যবসায়ী পরিষদের নেতা ও জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। পরে তিনি ওই এএসআই ও তাঁর সোর্সকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যান।

শনিবার রাত সাড়ে আটটার দিকে পুলিশ সুপারের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, বিষয়টি ফরিদপুর জোনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বরিশাল জোনের বিশেষ পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমানকে জানানো হয়েছে। তিনি সিআইডির রাজবাড়ীর পরিদর্শককে তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

সিআইডির রাজবাড়ীর পরিদর্শক শেখ মো. আক্তারুজ্জামান বলেন, গতকাল রোববার সকালে বরিশালের বিশেষ পুলিশ সুপারের কার্যালয়ে ঘটনার বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়। দুপুরে ফ্যাক্স বার্তায় আকরামুজ্জামানকে প্রত্যাহারের নির্দেশ আসে। বিকেলে তাঁকে সিআইডির সদর দপ্তরে পাঠানো হয়। এর আগে ওই এএসআই তাঁকে (আক্তারুজ্জামান) না জানিয়ে ওই বাজারে যান। এএসআইয়ের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে সত্য নয় বলে মনে হয়েছে। এএসআইয়ের সঙ্গে থাকা কথিত সোর্স নজরুল ইসলাম তাঁকে ব্যবহার করে কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছিলেন বলে মনে হয়েছে।

আকরামুজ্জামান গতকাল দুপুরে বলেন, সোর্স নজরুল ইসলাম ওই বাজারের একটি দোকানে পলিথিন ও বলবর্ধক পানি বিক্রি করছে এমন তথ্য দিয়ে তাঁকে সেখানে যেতে বলেন। যাওয়ার পর স্থানীয় লোকজন সন্দেহ করে তাঁদের অবরুদ্ধ করে। কোনো ব্যবসায়ীর কাছে টাকা চাওয়ার অভিযোগ সত্য নয়।

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ আবুল বাশার মিয়া বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি। আটক নজরুল ইসলামকে গতকাল বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে। নজরুল রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের বাসিন্দা।

সিআইডি বরিশালের বিশেষ পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান বলেন, বিষয়টি জানার পর এএসআই আকরামুজ্জামানকে প্রত্যাহার করে ঢাকা সদর দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।