রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত সোমবার মধ্যরাতে নির্মাণাধীন ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতা। গুরুতর আহতাবস্থায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুই ছাত্রনেতা হলেন রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাদিউজ্জামান হাদী ও শহীদ মুখতার এলাহী হলের সভাপতি ইমতিয়াজ বসুনিয়া।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান জানিয়েছেন, আহত হাদিউজ্জামানের মাথার হাড় ভেঙে গেছে। সিটি স্ক্যান করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত। অন্যদিকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ইমতিয়াজের বাঁ হাতের তিন স্থান ও ডান হাতের একাধিক স্থানে ক্ষত রয়েছে। তিনিও শঙ্কামুক্ত বলে ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
চাঁদা দাবির অভিযোগ করে নির্মাণাধীন ভবনের সাবকন্ট্রাক্টর মতিয়ার রহমান বলেন, শ্রমিকেরা ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ১২টার দিকে কয়েকজন ছাত্র এসে তাঁদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা শ্রমিকদের ধাক্কাধাক্কি করেন। উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছাত্ররা মারমুখী হয়ে উঠলে আত্মরক্ষার্থে ঠিকাদারের শ্রমিকেরা তাঁদের পিটুনি দেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহিবুল ইসলাম দুই শিক্ষার্থীর আহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মারধরের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে আহত ব্যক্তিরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতা ইমতিয়াজ বসুনিয়া চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেছেন, হল থেকে রাতের খাবারের জন্য ক্যাম্পাসের বাইরে পার্ক মোড়ের দিকে নির্মাণাধীন ওই ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় কয়েকজন মুখোশধারী লোক তাঁদের দুজনের ওপর হামলা চালায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মো. ফরিদ উল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে মধ্যরাতেই সহকারী প্রক্টর রুহুল আমিনকে আহ্বায়ক, সহকারী প্রক্টর আতিউর রহমানকে সদস্যসচিব ও মুহাম্মদ শামসুজ্জামানকে সদস্য করে তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব, তদন্ত করার তাগিদ দেওয়া হয়েছে। তদন্তের ওপর মামলা করার বিষয়টি চিন্তাভাবনা করা হবে।