চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটকের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করার অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গীতে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের প্রত্যাহার করা হয়।

যে দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা হলেন টঙ্গী থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ সালাহউদ্দিন ও শফিউল আলম।

এলাকাবাসীর অভিযোগের বরাত দিয়ে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেনের দেওয়া তথ্যমতে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে সালাহউদ্দিন ও শফিউল থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) ছাড়াই টঙ্গীর মোড়কুল টেকপাড়া এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে যান। এ সময় তাঁরা সাদা পোশাকে ছিলেন। তবে তাঁদের হাতে অস্ত্র ছিল। আনোয়ার হোসেন মাদক ব্যবসায়ী বলে অভিযোগ রয়েছে। সেখানে গিয়ে তাঁরা আনোয়ারের কাছে চাঁদা দাবি করেন। না হলে তাঁকে আটক করার ভয় দেখান।

ওসি ইসমাইলের ভাষ্য, পুলিশ চাঁদা দাবি করায় আনোয়ার হোসেন চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন গিয়ে দুই পুলিশকে ঘেরাও করে। বিষয়টি তাঁকে (ওসি) জানানো হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ওই দুই পুলিশ কর্মকর্তাকে নিয়ে আসে।

ঘটনা জানার পর গতকাল রাতেই গাজীপুর পুলিশ সুপার হারুনুর রশিদ পুলিশের দুই এএসআইকে ক্লোজ করেন। আজ সকালে তাঁদের প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টঙ্গী থানার ওসি।

টেকপাড়া এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটে মোহাম্মদ মজিবুরের ভাষ্য, ওই ঘটনার পর থেকে তিনি আনোয়ার হোসেন ও পরিবারের কাউকে বাসায় দেখেননি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আনোয়ারের প্রতিবেশী রড-সিমেন্টের ব্যবসায়ী আবু সায়েমের ভাষ্য, গতকাল রাত ১১টার দিকে আনোয়ারের চিৎকার শুনে তাঁরা যান। সেখানে সাদা পোশাক পরা দুজন পুলিশ আনোয়ারের কাছ থেকে চাঁদা দাবি করছিল বলে শোনেন। কয়েকজন মিলে দুই পুলিশকে আটকে টঙ্গী থানায় খবর দেয়। পরে থানা থেকে পুলিশ গিয়ে তাঁদের নিয়ে যায়।

আনোয়ার মাদক ব্যবসায়ী ছিলেন কি না, জানতে চাইলে আবু সায়েম বলেন, তিনি বিষয়টি শুনেছেন।