চাঁদাবাজির অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ভুয়া সাংবাদিক সেজে চাঁদাবাজি করার অভিযোগে গতকাল বুধবার বিকেলে পুলিশ এক ভুয়া সাংবাদিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের হাফিজুর রহমান ওরফে কিরন ও রাজশাহী জেলার শিমলা গ্রামের মোহাম্মদ পারভেজ (৩০)। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালেক বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, সদর উপজেলার বহুলী ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে হাফিজুর রহমান সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালেকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় হাফিজের সঙ্গে ছিলেন পারভেজ। পরে তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।