চাঁদাবাজির অভিযোগে ভুয়া এএসআই আটক
রাজবাড়ী বাজারের টিনপট্টি এলাকা থেকে গতকাল বুধবার সকালে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ভুয়া এএসআইয়ের নাম সাখাওয়াত হোসেন ওরফে সোহান। তিনি রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা। সাখাওয়াতের বাবার নাম নুরুল আলম।
রাজবাড়ী বাজারের ব্যবসায়ী রইচ উদ্দিন আহমেদ বলেন, ‘বাজারে ডিউক এন্টারপ্রাইজ নামে আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ২০-২২ দিন আগে আমার মুঠোফোনে এক খুদে বার্তা (মেসেজ) আসে। এতে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে আমাকে হত্যা করার হুমকি দেওয়া হয়। সাখাওয়াত আমার পূর্বপরিচিত। তিনি মাঝেমধ্যে আমার দোকানে এসে পুলিশের এএসআই পরিচয় দিতেন। তাঁর কাছে ভিজিটিং কার্ড রয়েছে। আমি তাঁকে চাঁদা দাবির বিষয়টি জানাই। এ সময় সাখাওয়াত আমাকে বিষয়টি সুরাহা করে দেওয়ার কথা বলেন।’
কিছুদিন পর ঘটনাটি তদন্ত করে দেখার জন্য ১০ হাজার টাকা দাবি করেন সাখাওয়াত। তিনি তাঁকে দুই হাজার টাকা দেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে এই টাকা দেওয়া হবে বলে তাঁকে জানানো হয়।
রইচ উদ্দিন আহমেদ বলেন, ‘গত সোমবার সন্ধ্যায় সাখাওয়াত দোকানে আসেন। একপর্যায়ে সাখাওয়াত আমাকে বলেন, “মামা আপনার মোটরসাইকেলের হেলমেটটি নিয়ে বাইরে আসেন।” আমি যেতে না চাইলে হেলমেটের মধ্যে হেরোইন আছে বলে আমাকে জানানো হয়। পরে আমি হেলমেট নিয়ে বাইরে যাই। এ সময় হেলমেটের মধ্যে হেরোইন পাওয়া যায়। হেরোইন কীভাবে আসল জানতে চাইলে সাখাওয়াত আমাকে বলেন, “দোকানের ম্যানেজার হেরোইনের ব্যবসা করেন। ম্যানেজার হেরোইন রেখেছে। আমি আপনাকে একটি বড় ঝামেলা থেকে বাঁচিয়ে দিলাম।” এতে সন্দেহ হওয়ায় আমি পরে দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখি। ভিডিওতে দেখা যায়, সাখাওয়াত সকালে আমার ওই হেলমেটটি নাড়াচাড়া করেছে।’
রইচ উদ্দিন আহমেদ বলেন, ‘গতকাল সকালে সাখাওয়াত দোকানের সামনে আসেন। এ সময় আমি স্থানীয়দের সহযোগিতায় সাখাওয়াতকে আটক করি। পুলিশে খবর দিলে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।’
সদর থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটক ব্যক্তির কাছ থেকে একটি পুলিশের এএসআই পরিচয়দানকারী ভিজিটিং কার্ড পাওয়া গেছে।