চাঁদাবাজির অভিযোগে হাতি আটক!

হাতির মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে রাজশাহী বন বিভাগ আজ শনিবার সকালে হাতিটিকেই আটক করেছে। হাতির মাহুতকেও আটক করা হয়।
হাতির মাধ্যমে নওগাঁর মহাদেবপুর বাজার এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করা হচ্ছিল বলে বন বিভাগে অভিযোগ করেন এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ আজ সকালে হাতিটিকে আটক করে। দুপুরেই আটক হাতিটিকে ট্রাকে করে রাজশাহীতে বনবিভাগের বিভাগীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
আটক মাহুতের নাম নূর ইসলাম। তাঁর বাড়ি বগুড়ার মহাস্থানগড় পূর্বপাড়ায়। তাঁর দাবি, হাতির প্রকৃত মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মো. আতিকুর রহমান। তাঁর কাছ থেকে বগুড়ার কাহালু উপজেলার মামুনুর রশিদ সার্কাস প্রদর্শনের নামে হাতিটি ভাড়ায় এনে এলাকায় চাঁদা তোলার কাজ করেছিলেন।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম জানান, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর ধারা ৩৬(২) অনুযায়ী হাতি ক্রয়, বিক্রয়, পরিবহন, স্থানান্তর ইত্যাদি সংক্রান্ত বিষয়ে পারমিট গ্রহণের বাধ্যবাধকতা আছে। তবে হাতিটির মালিক বা মাহুত কোনো পারমিট দেখাতে পারেননি। তিনি হাতিটি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার সুপারিশ পাঠাবেন বলে জানালেন।