খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম পর্যন্ত এক ট্রাক তামাক নিতে খরচ হয় ৩ হাজার টাকা। অথচ আম নিতে গুনতে হয় ১৩ হাজার টাকা। আঞ্চলিক রাজনৈতিক দল ও পুলিশের চাঁদাবাজি এবং বিভিন্ন সংস্থার অতিরিক্ত টোল আদায়ের কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
গতকাল বুধবার রাঙামাটিতে অনুষ্ঠিত ‘ফল সংগ্রহোত্তর করণীয় ও রাসায়নিক ব্যবহারের সুফল-কুফল’ শীর্ষক এক আঞ্চলিক সেমিনারে খাগড়াছড়ি জেলা ফলবাগান মালিক সমিতির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের কোথায় কত চাঁদা দিতে হয়, তার একটি লিখিত তথ্য কর্মকর্তাদের হাতে দেন ফলবাগান মালিক সমিতির সভাপতি দিবাকর চাকমা।
জবাবে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বিষয়টি চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার পুলিশ প্রশাসনকে জানানোর আশ্বাস দিয়ে বলেন, রাঙামাটিতে এখনো এ ধরনের অভিযোগ পাওয়া যায়নি।
রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় মিলনায়তনে আয়োজিত সেমিনারে পার্বত্য অঞ্চলের আড়াই শতাধিক ফলচাষি, ব্যবসায়ী, আড়তদার, পরিবহনশ্রমিক ও মালিক, কৃষিবিদ, কৃষি প্রযুক্তিবিদ, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের’ সহযোগিতায় অধিদপ্তরের রাঙামাটি কার্যালয় এই সেমিনারের আয়োজন করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক এ কে এম হারুন-অর-রশীদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের ক্রপস উইংয়ের পরিচালক মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘ফল মানুষের জীবন রক্ষাকারী একটি খাদ্য। মানুষের শরীরের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ফলে মেশানো গুরুতর অপরাধ। এ বিষয়ে সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে।’
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ বলেন, একসময় বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ফল পার্বত্য চট্টগ্রামে আনা হতো। এখন আম, আনারস, কলা, কাঁঠালসহ পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত অনেক জাতের ফল ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় যাচ্ছে। রাসায়নিক দ্রব্যমুক্ত হিসেবে এসব ফলের কদর রয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ জায়গা ফল উৎপাদনের উপযোগী। চাষি, কৃষিবিদসহ সবার প্রচেষ্টা থাকলে এ অঞ্চলকে ফলের ভান্ডার হিসেবে গড়ে তোলা সম্ভব।
সেমিনারে ‘আমে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার রোধ এবং বালাইনাশকের নিরাপদ ও কার্যকরী ব্যবহার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের অতিরিক্ত উপপরিচালক এ কে এম শামীম আলম।
মুক্ত আলোচনায় চাষি, ব্যবসায়ী, আড়তদার ও পরিবহনমালিক-শ্রমিকেরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।