চাঁদাবাজির কারণে বন্ধ রশিদ অটো রাইসমিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের কারণে নাটোরের বড়াইগ্রামের রশিদ অটো রাইসমিল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন। তাঁরা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও মিল চালুর দাবি জানিয়েছেন।
রশিদ অটো রাইসমিলের সাধারণ শ্রমিকেরা জানান, চাঁদা আদায়কে কেন্দ্র করে ৪ নভেম্বর দুই পক্ষের সংঘর্ষে সাকিব হোসেন নামের এক শ্রমিক নিহত ও অপর দুই শ্রমিক আহত হন। আহত ব্যক্তিরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনার পর কর্তৃপক্ষ ৫ নভেম্বর মিলটি বন্ধ করে দেয়। এতে মিলে কর্মরত প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েন। দৈনিক মজুরিভিত্তিক এসব শ্রমিক এখন মানবেতর জীবনযাপন করছেন।
মালামাল ওঠানো-নামানোর শ্রমিক শওকত আলী বলেন, ‘ড্যালি হাজরির কাজ করি সংসার চালাই। মিল বন্ধ হওয়ায় পাঁচ দিনে ধারদেনা করি কোনো রকম বাঁচি আছি। এখন আর কেউ বাকি দিচ্ছে না, ধারদেনাও দিচ্ছে না।’ মিলের পরিচ্ছন্নতাকর্মী গড়মাটি গ্রামের জুয়েল রানা বলেন, ‘কলোনির নজরুল নিজে রশিদের মিলে কাজ করত না। অথচ সে আমাদের বেতনের টাকার কমিশন খাইত। তার দেখি অন্যরাও কমিশন খাওয়ার চেষ্টা করছিল। হঠাৎ তাদের দুই পক্ষের মধ্যে মারামারি। তাদের কারণে আমরা ছ্যালিপুলি নিয়া না খায়ে দিন কাটাচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মিলের প্রশাসনিক শাখার এক কর্মচারী প্রথম আলোকে বলেন, ‘নজরুল মিলের শ্রমিকদের দুই ভাগে ভাগ করে এত দিন ফায়দা লুটছিল। তার নিজের একটা বাহিনী রয়েছে। ওই বাহিনীর ভয়ে কেউ তার প্রতিবাদ করত না। এই সুযোগে সে শ্রমিকদের কষ্টের টাকার ভাগ খাইছে। বিনা পুঁজিতে মিলের গুঁড়ার ব্যবসা করিছে। এ ব্যাপারে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।’
মিলের মালিক আবদুর রশিদের ভাষ্যমতে, তাঁর অটো রাইসমিলটি এশিয়ার বৃহত্তম। তাঁরা নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করে মিলটি চালান। কিছু কর্মকর্তা ও কর্মচারী ছাড়া বাকি শ্রমিক-কর্মচারীর সবাই গড়মাটি ও এর আশপাশের বাসিন্দা। আবদুর রশিদ বলেন, ‘এলাকার মানুষের জন্য কিছু করার ইচ্ছা নিয়ে মিলটি তৈরি করেছি। কিন্তু নজরুলসহ হাতে গোনা কয়েকজন মিলটিকে চাঁদাবাজির আখড়ায় পরিণত করেছেন। এ অবস্থায় মিল কীভাবে চালু করব, তা ভেবে পাচ্ছি না। তা ছাড়া অনেক শ্রমিক এখন গ্রেপ্তার-আতঙ্কে এলাকাছাড়া।’
মিল কর্তৃপক্ষ ও শ্রমিক সূত্র জানায়, দৈনিক হাজিরার শ্রমিকের একটা অংশ নিয়ন্ত্রণ করেন কলোনির বিএনপি-সমর্থক নজরুল ইসলাম, অন্য পক্ষ নিয়ন্ত্রণ করেন গড়মাটির আওয়ামী লীগ-সমর্থক সেলিম সরকার। তাঁদের পেছনে রয়েছেন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা। তাঁরা প্রতিদিন শ্রমিকদের পারিশ্রমিক থেকে প্রতি বস্তা চাল ও ধান খালাস বাবদ যথাক্রমে এক টাকা ও ৫০ পয়সা (কমিশন) কেটে নেন। প্রতিদিন সাড়ে সাত হাজার বস্তা ধান ও চার হাজার ৯৫০ বস্তা চাল ওঠানো-নামানো হয়। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগীরা প্রতিদিন আট হাজার ৭০০ টাকা করে উপার্জন করেন। বছরে এর পরিমাণ দাঁড়ায় ৩২ লাখ টাকা।