চাঁদাবাজির প্রতিবাদে পণ্য পরিবহন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে আমদানি পণ্য পরিবহন দুই দিন ধরে বন্ধ রেখেছেন ট্রাক মালিক-শ্রমিকেরা। গত রোববার সকাল থেকে পণ্য পরিবহন না করায় দুই দিন ধরে বন্দরে আটকা পড়েছে আমদানি পণ্য।
চাঁপাইনবাবগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি পুষ্পনারায়ণ বর্মণ অভিযোগ করেন, সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিক সংগঠন ও ট্রাক বন্দোবস্তকারী সংগঠনের নামে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজি করা হচ্ছে। ট্রাকপ্রতি ২ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। কোনো ট্রাকের চালক চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সংগঠনগুলো তাঁকে মালামাল নিয়ে যেতে দিচ্ছে না। এ ছাড়া ট্রাক শ্রমিকদের শারীরিকভাবে নির্যাতনও করা হয়। এককথায় ট্রাকচালকেরা বন্দরের বিভিন্ন সংগঠনের কাছে জিম্মি হয়ে পড়েছেন। এরই প্রতিবাদে তাঁরা পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছেন। চাঁদাবাজি ও হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত পণ্য পরিবহন করা হবে না বলেও তাঁরা জানান।
তবে সোনামসজিদ স্থলবন্দরের শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদেকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, বন্দরে শ্রমিক সংগঠনের নামে কোনো চাঁদাবাজি হয় না। এ ছাড়া চাঁদার দাবিতে শ্রমিকদের নির্যাতনের অভিযোগও সত্য নয়। নিয়ম অনুযায়ী জেলা এবং জেলার বাইরে থেকে আসা ট্রাকে পণ্য বোঝাই ও খালাস করেন শ্রমিকেরা। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের ট্রাকচালকেরা আঞ্চলিকতার দাপট দেখিয়ে তাঁদের ট্রাকে অগ্রাধিকার ভিত্তিতে পণ্য বোঝাইয়ের সুযোগ পেতে চান। এসব সুযোগ না দেওয়ায় মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ইরতিজা আহসান জানিয়েছেন, পণ্য পরিবহন না হলে স্বাভাবিকভাবেই বন্দরে পণ্যজট সৃষ্টি হবে। বিষয়টি সুরাহার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উভয় পক্ষকে নিয়ে তাঁর কার্যালয়ে বৈঠকে বসবেন বলেও জানান তিনি।
এদিকে স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, গত দুই দিনে ভারতের ছয় শতাধিক ট্রাক আমদানি পণ্য নিয়ে স্থলবন্দরে প্রবেশ করেছে। সেই পণ্যগুলোর আংশিক বাংলাদেশের দেড় শতাধিক ট্রাকে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আমদানি করা কাঁচা পণ্যগুলো আগে পাঠানো হচ্ছে। আমদানি পণ্যের মধ্যে ছাই ও পাথর রয়েছে। সেগুলো বন্দর এলাকায় মজুত করা হয়েছে।