চাঁদাবাজির প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সোমবার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন মালিক ও শ্রমিকেরা ওই বিক্ষোভ করেন। এই সময় তাঁরা প্রশাসনের কাছে চাঁদাবাজদের গ্রেপ্তার করার দাবি জানান।

কাঁচপুর পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আলী আজগর মিয়া বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।মিছিলে অংশ নেওয়া পরিবহনের মালিক ও শ্রমিকেরা অভিযোগ করেন, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে কাঁচপুর এলাকায় গাউছিয়া,বারদী, প্রভাকরদী ও হিমালয় পরিবহন থেকে যুবলীগের স্থানীয় নেতা বাবুল মিয়া ও মতিউর রহমান; মেঘালয় পরিবহন থেকে আমজাদ হোসেন এবং মদনপুর এলাকায় বোরাক পরিবহন থেকে আনোয়ার হোসেন চাঁদা আদায় করছেন।

পরিবহন শ্রমিক ও মালিকেরা আরও অভিযোগ করেন, চাঁদাবাজ হেলাল মিয়া পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাঁর ঘনিষ্ঠ সহযোগী আমজাদ হোসেন পরিবহন মালিক ও শ্রমিকদের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা এবং যুবলীগ নেতা বাবুল মিয়া ও মতিউর রহমান ৫০ টাকা করে চাঁদা আদায় করছেন।

বোরাক পরিবহনের মালিক আনোয়ার হোসেন ও শামিম আহম্মেদ জানান, চাঁদাবাজদের অত্যাচারে অনেকে পরিবহন ব্যবসা বন্ধ করে দিয়েছেন। স্থানীয় প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।

যুবলীগ নেতা বাবুল মিয়া ও মতিউর রহমান চাঁদা আদায়ের কথা স্বীকার করে বলেন, তাঁরা বৈধভাবে সমিতির নামে চাঁদা আদায় করছেন।

সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম জানান, বাবুল মিয়া ও মতিউর রহমান যুবলীগের কেউ নন। তাঁরা যুবলীগের নাম ভাঙিয়ে পরিবহন থেকে চাঁদা আদায় করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, চাঁদাবাজ হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য চাঁদাবাজদের গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের ভূঞা জানান, চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন।