চাঁদাবাজির বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি
রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পরও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারের একটি গোয়েন্দা সংস্থা তদন্ত করে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পেয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার পর মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তরকে এ নির্দেশ দেয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা ময়নুল হক মন্জুর নেতৃত্বে চাঁদাবাজি হয়—ওই মার্কেটের ব্যবসায়ীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থাটি তদন্ত করে। ব্যবসায়ীদের অভিযোগ, ময়নুল হক ওই মার্কেটের দোকান মালিক সমিতির স্বঘোষিত সভাপতি।
মন্ত্রণালয় ও পুলিশের সূত্র বলেছে, তদন্ত শেষে গোয়েন্দা সংস্থাটি গত ডিসেম্বরের শুরুতে এ-সংক্রান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়। এর অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়। এরপর ৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা-২ থেকে ওই চাঁদাবাজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দেওয়া হয়। পুলিশ সদর দপ্তর থেকে ৮ ডিসেম্বর এই নির্দেশনা পাঠানো হয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে। সেখান থেকে ১৩ ডিসেম্বর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনারকে এবং উপকমিশনার কার্যালয় থেকে ১৯ ডিসেম্বর ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পাঠানো হয়েছে। তবে এখনো আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া গত রোববার রাতে প্রথম আলোকে বলেন, পুলিশ সদর দপ্তর থেকে এ ধরনের নির্দেশনা পাওয়ার বিষয়টি তাঁর মনে পড়ছে না।
রাজধানীর টিকাটুলীতে অবস্থিত রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে গত বছরের ৮ জুলাই মধ্যরাতে র্যা বের ভ্রাম্যমাণ আদালত ওই মার্কেটে চাঁদাবাজির সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। মার্কেটের দোকান মালিক সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, গত নভেম্বরে কাউন্সিলর ময়নুলের নেতৃত্বে আবার চাঁদাবাজি শুরু হয়। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী ব্যবসায়ীরা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যা বসহ বিভিন্ন সংস্থায় আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে।
গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী সুপার মার্কেট দুই ভাগে বিভক্ত। একটি রাজধানী, অন্যটি নিউ রাজধানী সুপার মার্কেট। এতে ১ হাজার ৭৮৮টি দোকান আছে। নির্বাচন ছাড়াই সিলেকশনের মাধ্যমে ২০১১ সালের ২৬ জুলাই মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি হন ময়নুল হক। সভাপতি হওয়ার পর তিনি প্রভাব খাটিয়ে মার্কেটের নিয়ন্ত্রণ নেন। তিনি সার্ভিস চার্জ ও বিদ্যুৎ বিলের নামে অতিরিক্ত টাকা আদায় করেন। দারোয়ান ও জেনারেটর বিল বাবদ আগে মাসে ৪০০ টাকা নেওয়া হলেও বর্তমানে প্রতিটি দোকান থেকে নেওয়া হচ্ছে ৯৫০ টাকা।
প্রতিবেদনে বলা হয়, মার্কেটের বাইরে ও রাস্তার পাশে ফুটপাতে থাকা ৫০-৬০টি টংদোকান থেকে প্রতিদিন ৪০-৫০ টাকা করে চাঁদা নেওয়া হয়। ঈদ মৌসুমে চাঁদা নেওয়া হয় এক থেকে দুই হাজার টাকা করে। বাণিজ্যিক এলাকায় বিদ্যুৎ বিল প্রতি ইউনিট আট-নয় টাকা হলেও ময়নুল প্রত্যেক দোকানির কাছ থেকে ১৩ টাকা করে নেওয়ায় দোকানমালিকেরা ময়নুল ও তাঁর লোকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেন। সময়মতো মালিক সমিতির নির্বাচন না হওয়া এবং মার্কেটের সভাপতি ময়নুল হকের সহযোগীদের চাঁদাবাজির কারণে তাঁর বিরুদ্ধে দোকানমালিকদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিপূর্বে ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়নুলের প্রধান সহযোগী মহানগর দক্ষিণ যুবলীগের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিমকে গত ৮ জুলাই র্যা ব আটক করে এবং পরে তাঁকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।
গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়, মালিক সমিতির নির্বাচন না দিয়ে সভাপতির পদ আঁকড়ে থাকা এবং বর্তমান সভাপতির ঈদ মৌসুমে চাঁদাবাজির কারণে দোকানমালিকেরা অতিষ্ঠ। চাঁদাবাজিকে কেন্দ্র করে যেকোনো সময় মার্কেটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সার্ভিস চার্জের নামে অতিরিক্ত টাকা আদায়ের কারণে ব্যবসায়ী মহলে সরকারের সুনাম ক্ষুণ্ন হতে পারে।
প্রতিবেদনে সুপারিশ করা হয়, ওই মার্কেটে চাঁদাবাজি নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। দোকান মালিক সমিতির পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের ব্যবস্থা নিতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে পরামর্শ দেওয়া যেতে পারে।
রাজধানী সুপার মার্কেটের চাঁদাবাজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার বিষয়ে কিছু জানেন কি না, জানতে চাইলে গতকাল সোমবার রাতে ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক বলেন, ‘এ বিষয়টি আমার নলেজে নেই, মার্কেটেও এর কোনো আলামত নেই। আপনারা যা খুশি লিখতে পারেন।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, সরকারের ওই গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা হিসেবে পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করে তাদের গ্রেপ্তার করতে পারে। নিশ্চয়ই ওই প্রতিবেদনের গ্রহণযোগ্যতা আছে।
ওই নির্দেশনার বিষয়ে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ওয়ারী থানার ওসিকে বলা হয়, ‘ডিএমপি সদর দপ্তর থেকে সাত পাতা পাঠানো হলো। পত্রের মর্মানুযায়ী রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটে যেকোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে অনুসন্ধান সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।’ এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ নুরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
ওয়ারী থানার ওসি জেহাদ হোসেন বলেন, চাঁদাবাজির বিষয়ে গোপনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন উপকমিশনারকে দেওয়া হবে।