চাঁদাবাজির মামলায় ঝালকাঠি পৌর মেয়র জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেনসহ তিনজনকে চাঁদাবাজির মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহীদুল ইসলাম এ আদেশ দেন।

একই আদেশে আদালত অপর তিন আসামির জামিন মঞ্জুর করেন। এই তিনজন হলেন মেয়রের ছোট ভাই আউয়াল হোসেন, মেয়রের সমর্থক শাহীন হোসেন ও দীপক সরকার। কারাগারে পাঠানো অপর দুই আসামি হলেনমেয়রের মামাতো ভাই সলেমান ও বড় ভাইয়ের ছেলে সাজ্জাতুল আলম।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মামলার ধার্য তারিখে মেয়র আফজালসহ ছয় আসামি গতকাল আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে তিনজনের জামিন মঞ্জুর করেন। আর নামঞ্জুর করেন অপর তিন আসামির জামিনের আবেদন।

কারাগারে নেওয়ার সময় মেয়র আফজাল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পৌরসভার ১০ জন কাউন্সিলরের সঙ্গে বিরোধের কারণে প্রভাবশালী মহলের নির্দেশে পুলিশ তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে আদালতে প্রতিবেদন দিয়েছে। তিনি ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে যাবেন।

গত বছরের ২৬ নভেম্বর শহরের পালবাড়ি এলাকার ব্যবসায়ী কবির আহম্মেদ বাদী হয়ে মেয়র আফজালসহ সাতজনের নামে আদালতে নালিশি মামলা করেন।

আরজিতে উল্লেখ করা হয়, বাদী শহরের পশ্চিম চাঁদকাঠি খাদ্যগুদাম এলাকায় ৪ শতাংশ জমি কিনে সরকারি বিধি অনুযায়ী হোল্ডিং ও নকশা অনুমোদন করিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু মেয়রের মামাতো ভাই সলেমান ও ভাইয়ের ছেলে সাজ্জাতুল আলম এই কাজ বন্ধ করে দিয়ে মেয়রের সঙ্গে দেখা করার নির্দেশ দেন। বাদী পৌরসভা কার্যালয়ে গেলে মেয়র তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ অবস্থায় ভবনের কাজ করার স্বার্থে বাদী মেয়রকে ৭৫ হাজার টাকা দেন এবং বাকি টাকা কয়েক দিন পরে দেওয়ার কথা বলেন। এরপর গত বছরের ২৪ নভেম্বর আসামিরা আবার বাদীকে মেয়রের সঙ্গে দেখা করতে বলেন। তিনি তখন যেতে না চাইলে তাঁকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা ও মারধর করা হয়।

আদালত অভিযোগ গ্রহণ করে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ওসির নির্দেশে থানার উপপরিদর্শক আবুল বাশার তদন্ত করেন। তিনি চাঁদা দাবির সত্যতা পাওয়ায় মেয়রসহ সাতজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন পর্যালোচনা করে আদালত ২৯ জানুয়ারি সাতজনের বিরুদ্ধে সমন জারি করেন। ধার্য তারিখে গতকাল মেয়রসহ ছয়জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।